শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মাঝসাগরে বিদ্রোহ করে মৃত্যুর মুখ থেকে ফিরল ২৮ জন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
মাঝসাগরে বিদ্রোহ করে মৃত্যুর মুখ থেকে ফিরল ২৮ জন

গভীর সমুদ্রে একটি ট্রলারে বন্দী ২৮ জন। কারও চোখেমুখে আতঙ্ক, কেউ নির্যাতনে ক্লান্ত, কেউ আবার পরিবারের কাছে মুক্তিপণের টাকা চেয়ে পাঠানো ফোনকলের অপেক্ষায়। মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের তুলে আনা হয়েছিল সাগরে। সেখানে আটকে রেখে পরিবারের কাছে লাখ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল মানবপাচারকারী চক্র। টাকা দিতে না পারলে নির্যাতন, এমনকি সাগরে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে।

টানা কয়েক দিন নির্যাতন ও বন্দিদশায় থাকার পর শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলেন ভুক্তভোগীরা। একপর্যায়ে দালালচক্রের সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে নেন তারা। এরপর নিজেরাই ট্রলার চালিয়ে কক্সবাজার উপকূলের দিকে রওনা হন।

শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ট্রলারটি কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টসংলগ্ন শৈবাল পয়েন্টে পৌঁছায়। পরে স্থানীয় লোকজন, বিচকর্মী, পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন নারী, দুজন শিশু ও ২৪ জন পুরুষ। তাদের ভাষ্য, ট্রলারে মোট ৭২ জন ছিলেন। এর মধ্যে সাতজনকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগ করেছেন তারা। বাকিদের কী হয়েছে, সে বিষয়ে তাদের বক্তব্যে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জেলা প্রশাসনের বিচকর্মীরা জানান, শুক্রবার রাত ১০টার দিকে মালয়েশিয়াগামী একটি ট্রলার শৈবাল পয়েন্টে আটকে যায়। ট্রলার থেকে নেমে কয়েকজন পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় খবর পেয়ে ঘটনাস্থলে যান বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ। পরে জেলা পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা ট্রলারে তল্লাশি চালিয়ে ২৮ জনকে উদ্ধার করেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের কাউকে বাড়ি থেকে, কাউকে কাজের প্রলোভনে, আবার কাউকে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে টেকনাফে নিয়ে আটকে রাখা হয়েছিল। পরে বিভিন্ন স্থান থেকে তাদের ছোট নৌকায় তুলে গভীর সমুদ্রে বড় ট্রলারে নেওয়া হয়। সেখানে শুরু হয় নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চেষ্টা।

উখিয়ার কোটবাজার এলাকার রিদুয়ান হোসাইন দুই বন্ধু ইমন ও ফয়েজ আহমদকে নিয়ে টেকনাফে এক পরিচিত ব্যক্তির কাছে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার পর তাদের একটি ঘরে আটকে রাখা হয়। একপর্যায়ে বুঝতে পারেন, তারা মানবপাচারকারী চক্রের ফাঁদে পড়েছেন।

রিদুয়ান জানান, আটকে রাখার পর তাদের মুঠোফোন কেড়ে নেওয়া হয়। বাইরের কারও সঙ্গে যোগাযোগের সুযোগ ছিল না। লাঠি, দা ও বিভিন্ন অস্ত্র নিয়ে লোকজন তাদের পাহারা দিত। এভাবে আট থেকে নয় দিন আটকে রাখার পর এক রাতে মেরিন ড্রাইভ দিয়ে বালুচরের একটি স্থানে নিয়ে যাওয়া হয় তাদের।

সেখানে নারীসহ প্রায় ৪০ জনকে দুটি ছোট নৌকায় তোলা হয়। পরে তাদের গভীর সমুদ্রে থাকা একটি বড় ট্রলারে নেওয়া হয়।

রিদুয়ানের ভাষ্য, প্রথমে চার দিন একটি ট্রলারে এবং পরে অন্য একটি নৌকায় আরও দুই দিন থাকতে হয় তাদের। এ সময় দিনে দুই বেলা সামান্য খাবার দেওয়া হতো। একপর্যায়ে তাদের প্রত্যেকের কাছে প্রায় ৫০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়।

তিনি বলেন, মুক্তিপণের বিষয়ে কয়েকজন বয়স্ক ব্যক্তি মাঝির সঙ্গে কথা বলতে গেলে তাদের একজনকে মারধর করা হয়। এরপর ট্রলারে থাকা যাত্রীদের সঙ্গে অস্ত্রধারীদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে দালালচক্রের সদস্যরা পালিয়ে গেলে কয়েকজন যাত্রী ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের দিকে রওনা হন।

চকরিয়ার এক রাজমিস্ত্রি জানান, কাজের কথা বলে পরিচিত এক ব্যক্তির সঙ্গে টেকনাফে গিয়ে অপহরণের শিকার হন তিনি। জমি মাপজোখের কাজ শেষে হিসাব করার কথা বলে তাকে একটি বাসায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর হঠাৎ দরজা বন্ধ করে দেওয়া হয়।

তার ভাষ্য, চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে সুপারি বাগানের ভেতরে একটি ভবনে প্রায় সাত দিন আটকে রাখা হয় তাদের। এ সময় ঠিকমতো খাবার দেওয়া হতো না। কারও সঙ্গে কথা বলা কিংবা যোগাযোগের সুযোগও ছিল না।

মুক্তার হোসেন নামের আরেক ভুক্তভোগী জানান, নারায়ণগঞ্জে চাকরি করার সময় এক বন্ধুর মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তাব পান তিনি। প্রথমে সাড়ে তিন লাখ টাকা চাওয়া হলেও পরে তিন লাখ টাকায় পাঠানোর কথা বলা হয়। দালালের দেওয়া ঠিকানায় কক্সবাজারে পৌঁছানোর পর তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে আরও অনেককে বন্দী অবস্থায় দেখতে পান তিনি।

উদ্ধার হওয়া কলা ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীরের দাবি, তাদের ট্রলারে মোট ৭২ জন ছিলেন। দালালচক্রের সদস্যরা সাতজনকে সাগরে ফেলে দেন। পরে কয়েকজন মিলে প্রতিরোধ গড়ে তুলে ট্রলারের নিয়ন্ত্রণ নেন।

জাহাঙ্গীর বলেন, শৈবাল পয়েন্টে ট্রলারটি আটকে গেলে তারা নেমে ঝাউবাগানের দিকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে বসিয়ে রাখেন।

টেকনাফের কচুবনিয়া এলাকার ইলিয়াছের ভাষ্য, দালালচক্রের সদস্যদের অতিরিক্ত মারধরের প্রতিবাদ জানালে ট্রলারে সংঘর্ষ বাধে। একপর্যায়ে চক্রের সদস্যরা অন্য একটি ট্রলারে করে পালিয়ে যায়। দুজনকে আটক করা হলেও পরে তারাও পালিয়ে যান বলে দাবি করেন তিনি।

শুধু সাগরেই নয়, ভুক্তভোগীদের পরিবারের সদস্যদেরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। অপহরণের পর তাদের স্বজনদের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যা কিংবা অন্য দালালদের হাতে তুলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন অভিভাবক।

উদ্ধার হওয়া ব্যক্তিদের খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানায় ছুটে আসেন স্বজনেরা। তাদের একজন উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সাইফুল ইসলাম। তিনি জানান, ১০ দিন ধরে ছেলের কোনো খোঁজ পাচ্ছিলেন না। এর মধ্যে একটি মুঠোফোন নম্বর থেকে তাকে ফোন করে জানতে চাওয়া হয়, ছেলের কবর পেয়েছেন কি না।

পরে ছেলের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়। কান্নাজড়িত কণ্ঠে ছেলে তাকে জানায়, তাকে মারধর করে বেঁধে রাখা হয়েছে।

সাইফুল ইসলামের অভিযোগ, ফোনের অপর প্রান্তের ব্যক্তি ছেলেকে ফেরত পেতে এক লাখ ২০ হাজার টাকা দাবি করেন। দেড় ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়। টাকা দিতে না পারলে ছেলেকে মিয়ানমারের দালালদের হাতে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

আরেক অভিভাবক আবু তাহের জানান, তার ছেলে দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে জানতে পারেন, মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আব্দুল আজিজ নামের এক ব্যক্তিসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা।

উদ্ধার হওয়া ব্যক্তি ও তাদের স্বজনদের অভিযোগ, টেকনাফকেন্দ্রিক একটি চক্র দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষকে অপহরণ ও মানবপাচারের সঙ্গে জড়িত। প্রথমে পরিচিতজন কিংবা দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। পরে বিভিন্ন স্থানে আটকে রেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে মুক্তিপণ আদায় করা হয়।

ভুক্তভোগী ও তাদের স্বজনেরা অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার হওয়া ২৮ জনকে থানায় রাখা হয়েছে। তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ। আইনী প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।