গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ; ককটেল বিস্ফোরণ, আহত ২০

গোপালগঞ্জ জেলা শহরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করেন চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক। এ ঘটনার জেরে রাতে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে স্টেডিয়ামসংলগ্ন সড়কে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গ্রামের লোকজন। সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা সড়কে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় বেশ কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়।
সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

