হাইকোর্টের নির্দেশনায় খাগড়াছড়িতে অভিযান, ৩ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে খাগড়াছড়ি সদর উপজেলার তিনটি ইটভাটাকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পরিচালিত ওই অভিযানে দুটি ভাটার চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ও সংশোধিত ২০১৯ সালের বিধি লঙ্ঘনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে কমলছড়ির ‘ABC ব্রিকস’ এবং ‘A77 ব্রিকস’-কে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা এবং ‘আরপিএস ব্রিকস’-কে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মোট সাড়ে পাঁচ লাখ টাকার পুরো অর্থই তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মাহাবুব রনি, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আহমেদ এবং ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ইউএনও ফারিয়া সুলতানা বলেন, 'সদর উপজেলার ভাটাগুলোতে তদারকি চালিয়ে ইট তৈরির প্রমাণ পাওয়ায় গঞ্জপাড়া ও কমলছড়ির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। দণ্ডের অর্থ পরিশোধ না করলে কারাদণ্ডের বিধানও রাখা হয়েছিল।'
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আহমেদ জানান, 'হাইকোর্টের রিটের আদেশ অনুযায়ী সারাদেশের পাশাপাশি পার্বত্য জেলাগুলোতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে। ফায়ার সার্ভিসের সহায়তায় দুটি চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম স্থগিত করা হয়েছে। খাগড়াছড়ির অন্যান্য উপজেলাতেও পর্যায়ক্রমে এ ধরনের অভিযান চলবে।'
পরিবেশের ভারসাম্য রক্ষা ও আইন অমান্যকারী ভাটাগুলো নিয়ন্ত্রণে রাখতে এ তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসন।

