বিএনপি-আ.লীগ তুমুল সংঘর্ষ, দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে কালকিনি পৌর মাছ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যান। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি পৌর মাছ বাজার হয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও পাল্টা মিছিল বের করেন।
একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও মাদারীপুর এসআরবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি বলেন, ‘আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা দ্বন্দ্ব চাই না। কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

