শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ৫:৫০ অপরাহ্ন আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

নতুন পে স্কেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গত নয় মাসের প্রচেষ্টায় এ কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখনো শেষ হয়নি বলেও জানান সচিব।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল ও জাতীয়করণের দাবির বিষয়ে আবদুল খালেক বলেন, ‘নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা বেসরকারি শিক্ষকদের নতুন পে স্কেলে অন্তর্ভুক্ত করেছি। খুব কঠিন কাজ ছিল। এই পে স্কেল দেওয়া শেষ হয়নি। অথচ আপনারা জাতীয়করণের দাবিতে রাস্তায় নেমে পড়েছেন।’

শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের উদ্যোগের কথাও জানান তিনি। এ প্রসঙ্গে সিনিয়র সচিব বলেন, ‘বদলি নীতিমালা করতে যাচ্ছি আমরা। তারপরও আপনারা রাস্তায় নেমেছেন? আমরা আপ্রাণ চেষ্টা করি সততা দিয়ে, দক্ষতা দিয়ে। ইতোমধ্যে আমরা নয় মাস কাজ করেছি। আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই।’

জাতীয়করণের বিষয়ে তিনি বলেন, ‘যখন প্রয়োজন হবে তখন সরকার জাতীয়করণ করবে। এটা করতে গেলে সরকারের অর্থের প্রয়োজন আছে, সরকারের নীতি নির্ধারণের প্রয়োজন আছে।’

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার দাবি করে সচিব বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনাদের ইতোমধ্যে সর্বোচ্চ সুযোগ-সুবিধা যা দেওয়ার, সরকারের পক্ষ থেকে দিয়েছি। কম্পিউটার দিয়েছি, ল্যাব দিয়েছি, নতুন বই দিয়েছি।’

সরকারের আর্থিক সহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার প্রথম দিন থেকেই বেসরকারি শিক্ষকদের পেনশন দিয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা।’

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজনীতিতে অংশ না নেওয়ার আহ্বান জানান শিক্ষা সচিব আবদুল খালেক।