বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ২৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ২৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৫ লাখ ১৭ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
আটক মালামালের মধ্যে রয়েছে ১৬৬টি শাড়ি, ৩১টি কম্বল, ২৭টি চাদর, ৫টি তৈরি পোশাক, ৫ কেজি জিরা, ১৪ প্যাকেট ফুসকা, ৭.৫ কেজি কিসমিস, ২ হাজার ৫০টি চকলেট, ১২০টি খাদ্যসামগ্রী, ৩ কেজি আমসত্ত্ব, ২০০টি ওষুধ, ২৮ প্যাকেট পান মশলা এবং ১ হাজার ৪৭২টি কসমেটিকস সামগ্রী।
আটককৃত এসব মালামালের সর্বমোট মূল্য ২৫ লাখ ১৭ হাজার ৬০০ টাকা (পঁচিশ লাখ সতেরো হাজার ছয়শত টাকা)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটক করার লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে বিজিবি।
সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

