রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সোমবার সব উপজেলা ও থানায় বিক্ষোভের নির্দেশ জামায়াতের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ২:৩০ অপরাহ্ন আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, ২:৫২ অপরাহ্ন
সোমবার সব উপজেলা ও থানায় বিক্ষোভের নির্দেশ জামায়াতের

দেশের সব উপজেলা ও থানায় সোমবার (৩০ নভেম্বর) পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে সংশ্লিষ্ট শাখার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২৯ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদেও বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি সংশ্লিষ্ট উপজেলা/থানা শাখা জামায়াতের প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসী সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।’

বিবৃতিতে আগামীকাল সোমবার দেশের সব উপজেলা ও থানায় পূর্বঘোষিত এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।