সীতাকুন্ডে ৩ লাখ টাকার জাল নোট সহ যুবক গ্রেফতার, রাঙ্গামাটিতে মিলেছে কারখানা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকার জাল নোটসহ ফরহাদুল ইসলাম ফজলু (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৭ (এসআরবি)। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাঙামাটির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) এসআরবি-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
এর আগে শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী বাজারের খাজা আজমির হোটেল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন জাল নোট ব্যবসায়ী ওই এলাকায় জাল টাকা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি সাদা শপিংব্যাগ থেকে তিন লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজলু জানান, জাল টাকা তৈরির সরঞ্জাম রাঙ্গামাটি শহরের কোতোয়ালি মডেল থানার পুনাক সড়কের একটি ভাড়া বাসায় রাখা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করেন এসআরবি-৭ এর সদস্যরা।
গ্রেপ্তার ফজলু কুমিল্লার মনোহরগঞ্জ থানার লৎসার এলাকার বাসিন্দা। তার বাবার নাম গিয়াস উদ্দিন হায়দার।
এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার ব্যক্তি, উদ্ধার করা জাল নোট ও জব্দ করা সরঞ্জাম সীতাকুন্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
