বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেপ্তার

বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেপ্তার
বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগের ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাত থেকে রোববার (২৯ নভেম্বর) সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোঃ জসীম উদ্দিন (৪০), মোঃ মুরাদ হোসেন (৩৭) ও আঃ আলিম (৪০)। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁদের মধ্যে জসীম উদ্দিন আওয়ামী লীগের কর্মী এবং মুরাদ হোসেন ও আঃ আলিম দলটির সক্রিয় কর্মী।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত সাড়ে ৭টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন পর্যটন হোটেলের সামনে অভিযান চালিয়ে জসীম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। রোববার ভোর সাড়ে ৫টার দিকে সাদীপুর গ্রামে নিজ বসতবাড়ির সামনে থেকে মুরাদ হোসেনকে এবং সকাল সাড়ে ৮টার দিকে বড় আঁচড়া গ্রামে নিজ বসতবাড়ির সামনে থেকে আঃ আলিমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানার মামলা নং-০৮, তারিখ ১৬ আগস্ট ২০২৫-এর তদন্তে তাঁদের সন্দিগ্ধ আসামি হিসেবে পাওয়া গেছে। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় মামলাটি করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এসআই (নিরস্ত্র) এসএম আরিফুল ইসলাম সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল কাজী বলেন, “মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্দিগ্ধ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। অপরাধে জড়িত কেউ আইনের আওতার বাইরে থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
বেনাপোল পোর্ট থানার প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১টার দিকে গ্রেপ্তার তিন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
