শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ছাত্রলীগ-যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ছাত্রলীগ-যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শায় বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুরুজ্জামান (৩২) ও আবেদুল ইসলাম (৪২)।
শনিবার (২৮ নভেম্বর) গ্রেপ্তার দুজনকে পুলিশি পাহারায় যশোর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাতে শার্শা থানার এসআই শেখ জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নুরুজ্জামান শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি উলাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। অপরদিকে, আবেদুল ইসলাম লক্ষণপুর ইউনিয়নের বেদেপুকুর গ্রামের নেবুর আলীর ছেলে। তিনি লক্ষণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
পুলিশ জানায়, শার্শা থানার মামলা নম্বর-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর-৩০২-এর তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে।
অভিযানে এসআই শেখ জাহিদুল আলমের সঙ্গে থানার অন্যান্য পুলিশ সদস্যরাও অংশ নেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তার দুজনকে যথাযথ পুলিশ পাহারায় যশোর আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
