রাতে কমতে পারে তাপমাত্রা : আবহাওয়া অধিদফতর

বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলংকা উপকূল অতিক্রম করেছে। এটি আরো পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া অফিস জানায়, নীলফামারী, পাবনা, দিনাজপুর ও কুড়িগ্রামের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে ৮ দশমিক ৬ এবং সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ঢাকায় আজ উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪০ মিনিটে।

