হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা নীলফামারীর বার সভাপতির

বুধবার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবার কথা রয়েছে।
অভিযুক্তরা হলেন- নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজুল হক, আইনজীবী মো. আজহারুল ইসলাম ও আইনজীবী ফেরদৌস আলম। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা সংক্রান্ত আবেদন আমরা হাতে পেয়েছি।
এর আগে, গত ২৫ জানুয়ারি অভিযুক্তদের তলব করেছিলেন হাইকোর্ট। আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি, আইন-আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও বিচারকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তাদের তলব করা হয়। ওইদিন আদালত বলেছিলেন ৮ ফেব্রুয়ারি সশরীরে হাইকোর্টে উপস্থিত হয়ে এ বিষয়ে তাদেরকে ব্যাখ্যা দিতে হবে।
একই সঙ্গে আদালত অবমাননার দায়ে নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজুল হকসহ তিনজনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রাজজ) গোলাম সারোয়ারের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৫ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ দেন। তারই ধারাবাহিকতায় আজ তারা উপস্থিত হলেন।

