বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়ক : চাঁদাবাজির প্রতিবাদে চতুর্থ দিনেও বাস চলাচল বন্ধ

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ৪:৩৭ পূর্বাহ্ন আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়ক : চাঁদাবাজির প্রতিবাদে চতুর্থ দিনেও বাস চলাচল বন্ধ

শুক্রবার বিকাল পর্যন্ত চতুর্থ দিনের মতো বাস চলাচল বন্ধ রেখে নোয়াখালীর চৌমুহনী পাবলিক হল গেইটে নির্যাতনের শিকার পরিবহন শ্রমিকরা সাংবাদিকদের কাছে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এরআগে গত বুধবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন যমুনার সাধারণ বাস মালিক ও শ্রমিকরা।

যমুনা বাসের মালিক হাবিবুর রহমান, ড্রাইভার জাবেদ পাঠান, শ্রমিক নেতা রাজীব আহমেদ, শাকিল আহমেদ বলেন, জীবিকার প্রয়োজনে প্রতিদিন হাজারও মানুষ লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনী রুটে চলাচল করে। এই রুটে যাত্রীদের পরিবহন সেবা প্রদান করতে যমুনা হাই-ডিলাক্স ট্রান্সপোর্ট লিমিটেড পরিচালিত অর্ধশতাধিক বাস চলাচল করে আসছে। গত দুই মাস ধরে এই পরিবহনের কাছে চাঁদা দাবি করে আসছে প্রভাবশালী চাঁদাবাজরা। আমরা তাদের চাহিদামত চাঁদা দিতে রাজি না হওয়ায় চাঁদাবাজরা আমাদের বাসের শ্রমিকদের ওপর নির্যাতন শুরু করে। এক পর্যায়ে তারা এক সপ্তাহ আগে লক্ষ্মীপুর টার্মিনালের প্রধান কাউন্টার, মান্দারী, জকশীন, চন্দ্রগঞ্জ বাজারের বাস কাউন্টারে তালা দিয়ে কাউন্টার বন্ধ করে দেয়। কাউন্টার বন্ধ করে দেওয়ায় পের্টোল পাম্প থেকে বাসে যাত্রী তুলতে গেলে সেখানেও শ্রমিকদের মারধর করে বাস থেকে যাত্রী নামিয়ে দেয় চাঁদাবাজরা। এতে চাঁদাবাজদের নির্যাতনের শিকার হয়ে গত মঙ্গলবার (৭ ফ্রেব্রুয়ারী) সকাল থেকে এই রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। গত চার দিন বাস চলাচল বন্ধ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোন উদ্যোগ নেওয়া হয়নি।

যমুনা হাই-ডিলাক্স ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান আবুল কাশেম মিলন বলেন, সাধারণ মালিকদের কষ্টের টাকায় কেনা বাসগুলোর সমন্বয়ে আমরা যমুনা হাই-ডিলাক্স ট্রান্সপোর্ট লিমিটেড  লক্ষ্মীপুর-নোয়াখালী- ফেনী রুটে গত কয়েক বছর ধরে সুনামের সহিত পরিবহন সেবা দিয়ে আসছি। গত দুই মাস আগ থেকে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ওই রুটে বাস চলাচল অব্যাহত রাখতে হলে তাকে মাসিক এক লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানায়। আমরা ওই চাঁদা দিতে অস্বীকার করতে রকির ভাই রাকিব পাটোয়ারী ও তার চাঁদাবাজ সন্ত্রাসীরা আমাদের পরিবহনের শ্রমিকদের মারধর শুরু করে ৪টি কাউন্টার বন্ধ করে দেয়। পরে আমরা স্থানীয় পের্টোল পাম্প থেকে যাত্রী ওঠানোর সিদ্ধান্ত করলে সেখানেও রকির লোকজন শ্রমিকদের মারধর করে। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বাস চালানো বন্ধ করে দেয়।

তিনি বলেন, এবিষয়ে গত ৫ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার ও ডিআইজি বরাবর লিখিত অভিযোগ করেছি। এরআগে লক্ষ্মীপুর বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা করেও কোন সুফল পাওয়া যায়নি। আজ (শুক্রবার) সন্ধ্যায় লক্ষ্মীপুরের জেলা বাস মালিক সমিতি আমাদেরকে নিয়ে বসার কথা রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির মুঠোফোনে একাধিকবার কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। এতে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজী শাহজাহান বলেন, ওই পরিবহনের শ্রমিকদের মারধর এবং কাউন্টার বন্ধের কথা শুনেছি। তবে কি কারণে হয়েছে তা বলতে পারবো না।

লক্ষ্মীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি নুর নবী বলেন, বিষয়টি নিয়ে পরিবহনের চেয়ারম্যান মিলন ও ছাত্রলীগ সভাপতি রকিকে নিয়ে বসছিলাম, কিন্তু কোন সমাধান হয়নি। চাঁদা দাবি এবং শ্রমিকদের মারধরে বিষয়টি সত্য কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে আমি এখন কোন মন্তব্য করতে চাই না। তবে বিষয়টি সমাধানে তাদের সঙ্গে আজ আবারো বসবো।

লক্ষ্মীপুর জেলা বাস পরিবহনের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু জানান, বিষয়টি আমরা মৌখিকভাবে শুনছি। কেউ লিখিতভাবে জানাননি। তবুও আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ সাংবাদিকদের জানান, বিষয়টি আমার জানা ছিল না। পরে আপনাদের মাধ্যমে বিষয়টি জেনে সঙ্গে সঙ্গেই সদর ওসি ও পুলিশ বিশেষ শাখার প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য। বাস বন্ধ থাকার কারণে সাধারণ জনগণ ভোগান্তিতে পড়বে এটা কিছুইতে কাম্য নয়।

লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনী রুটে চাঁদাবাজি বন্ধের দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বাস মালিক ও শ্রমিকরা।