ক্লাব বিশ্বকাপ জিতল বেনজেমার রিয়াল

রাতে প্রিন্স আবদেল্লাহ স্টেডিয়ামে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে উঠেছিল। ইউরোপিয়ান চ্যাম্পিয়ানরা শুরুতেই আল হিলালকে চেপে ধরে। খেলার ১৩ মিনিটে বেনজেমার পাসে ভিনিসিয়ুস প্রতিপক্ষের জাল খুঁজে নেন। পাঁচ মিনিট পর মিডফিল্ডার ভালভার্দের জোড়ালো শট জালে জড়ালে ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর ব্যবধান কমানোর জন্যে মেতে উঠে হিলালের খেলোয়াড়রা। ২৬ মিনিটে গোলের দেখা পেয়ে যায় সৌদি ক্লাব। মুসা মারেগার গোলে ২-১ এ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে আল হিলাল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আবার আক্রমণে যায় দুই দল। ৫৪ মিনিটে ভিনিসিয়ুসের পাস থেকে বেনজেমা গোল করলে আবারও ব্যবধান বাড়ায় রিয়াল। এর চার মিনিট পর ভালভার্দে দ্বিতীয়বারের মতো বল জালে জড়ান। এরপর বেশ কয়েকটি আক্রমণ করে হিলাল। ৬৩ মিনিটে আবারও ব্যবধান কমায় তারা। সৌদি আল হামিদের পাসে বল জালে জড়ান লুসিয়ানো ভিয়েত্তো। এরপর আবারও গোল করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়ুস। ৭৯ মিনিটে ভিয়েত্তো গোল করলে ৫-৩ এ ব্যবধান কমায় আল হিলাল। শেষদিকে দুই দল আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি কেউ। শেষ পর্যন্ত ৫-৩ গোলের জয় নিয়ে ক্লাব বিশ্বকাপ জিতে নেয় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

