স্থিতিশীলতা আছে বলেই উন্নয়ন সম্ভব হচ্ছে : প্রধানমন্ত্রী

সোমবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে যে উন্নয়ন হয় তার অনেক প্রমাণ পেয়েছি। এর জন্য অনেক ধৈর্য থাকতে হয়। অনেক সমালোচনা সহ্য করতে হয়। অনেকে অনেক সমালোচনা করছেন। অবশ্য আমরাই এই সুযোগ করে দিয়েছি ডিজিটাল বাংলাদেশ করে দিয়ে।
বিনিয়োগ সম্মেলনে বলা হয়েছে উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা যাতে বজায় থাকে। সামনে তা ধরে রাখা যাবে কিনা এমন এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টাও হচ্ছে। তবে তা মোকাবিলা করার সক্ষমতাও আমাদের আছে। আমি মনে করি এটি মোকাবিলা করবে দেশের জনগণ।
প্রধানমন্ত্রী বলেন, এক সময় সবাই বাংলাদেশ মানে বন্যা, খরা, দুর্যোগ এসব মনে করতো। এখন আর সেসব মনে করে না। এখন বাংলাদেশকে বিশ্ব রোল মডেল মনে করে। আর এটি সম্ভব হয়েছে কেবলই একটানা ক্ষমতায় একটি গণতান্ত্রিক ধারা বজায় রয়েছে বলে।
এর আগে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সফরে করোনা অতিমারি ও চলমান ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি ও আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে স্বল্পোন্নত দেশগেুলোর জন্য বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গীকার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করার দাবি জানিয়েছি।
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একই দিনে এক’শ সেতু একই দিনে এক’শ সড়ক এর আগে কেউ করতে পেরেছে।
গত ৮ মার্চ প্রধানমন্ত্রী কাতার সফর শেষে দেশে ফেরেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এলডিসি সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ কাতার সফরে যান প্রধানমন্ত্রী।
সফরকালে প্রধানমন্ত্রী কাতারের আমিরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কাতার থেকে এলএনজি আমদানি, প্রবাসী শ্রমিকদের ইস্যুসহ দুই দেশের দ্বি-পক্ষীয় সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে আলাপ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট সাবা কোরোসি, কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেইখা মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি।
ডি- এইচএ

