সোনার বাংলা এক্সপ্রেসের দুর্ঘটনায় ৪ কর্মী বরখাস্ত

ওই ঘটনার কারণ খতিয়ে দেখতে চার সদস্যদের একটি তদন্ত কমিটিও গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মো. ইমরানকে আহ্বায়ক করে গঠিত চার সদস্যের তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে গত রবিবার সন্ধ্যায় কুমিল্লার হাসানপুর স্টেশনে একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় সোনার বাংলা এক্সপ্রেস। তাতে ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। আহত হন অন্তত পঞ্চাশ যাত্রী।
রেলপথ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ঘটনার পর সোনার বাংলা এক্সপ্রেসের গার্ড আবদুল কাদের, লোকোমাস্টার মো. জসিম উদ্দিন, সহকারী লোকোমাস্টার মো. মহসিন এবং হাসানপুর স্টেশনের সিনগ্যাল মেইনটেইনার ওয়াহিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোচ মেরামতের জন্য আজ সোমবার ও আগামীকাল (মঙ্গলবার) বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেস। বুধবার থেকে আবার ট্রেনটি যথারীতি চলবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
যেসব যাত্রী যাত্রা বাতিল করতে চান, তারা অনলাইনের মাধ্যমেই টিকিট রিফান্ড করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।

