বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাজধানীজুড়ে গ্যাস বোম

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ৮:৪৮ অপরাহ্ন আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
রাজধানীজুড়ে গ্যাস বোম

মেয়াদোত্তীর্ণ পাইপের বিভিন্ন স্থানের ছিদ্র দিয়ে ধীরে ধীরে গ্যাস বের হয়ে আশপাশের শূন্যস্থানে জমা হচ্ছে। আগুন, উচ্চতাপ বা অন্য কোনো গ্যাসের সংস্পর্শে এলেই ঘটছে বিস্ফোরণ। এসব কারণে বিশ্লেষকরা বলছেন, রাজধানী ঢাকা ও এর আশপাশে জালের মতো ছড়িয়ে থাকা মেয়াদোত্তীর্ণ গ্যাস পাইপলাইনগুলো এখন একেকটি বোমায় পরিণত হয়েছে।

তাদের মতে, তিনটি কারণে গ্যাসের পাইপলাইনে লিকেজ হচ্ছে। এগুলো হচ্ছে-অতি পুরোনো পাইপলাইন, পাইপলাইনে সঠিকভাবে জং প্রতিরোধী আবরণ না দেয়া এবং মানহীন পাইপ ব্যবহার।

তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ মোল্লাহ গণমাধ্যমকে বলেন, পুরোনো জরাজীর্ণ গ্যাস বিতরণ লাইন প্রতিস্থাপন, বিদ্যমান লাইনে কোথাও ছিদ্র থাকলে সেগুলো চিহ্নিত করে মেরামতসহ বেশকিছু কাজের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ কাজে একটি বিদেশি কোম্পানিকে জরিপের দায়িত্ব দেয়া হয়েছে। তারা অস্থায়ীভাবে বন্ধ গ্যাস সংযোগ চিহ্নিত করেছে। রাজধানী ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহসহ তিতাসের বিতরণ এলাকায় এমন আরও অস্থায়ীভাবে বন্ধ সংযোগ চিহ্নিত করার কাজ চলমান।

জানা গেছে, ১৯৭০ সাল থেকে এসব পাইপলাইন দিয়ে গ্যাস বিতরণ হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, মাটির ক্ষার ও লবণের কারণে পাইপগুলো ক্ষয় হয়ে অধিকাংশ জায়গায় ছিদ্র হয়ে গেছে। অনেক জায়গায় জং ধরে পাইপ মাটির সঙ্গে মিশে গেছে। তৈরি হয়েছে হাজার হাজার ছিদ্র। এসব ছিদ্রপথে প্রায়ই গ্যাস বের হচ্ছে। এছাড়া অবৈধভাবে ফুটো করে গ্যাস সংযোগ দেওয়ায় বেশিরভাগ লাইনের অবস্থা জরাজীর্ণ। এর বাইরে প্রায় ৫০ হাজার সংযোগ রয়েছে যেগুলো সাময়িকভাবে বিচ্ছিন্ন করা রয়েছে। কিন্তু সংযোগ বিচ্ছিন্ন থাকলেও গ্রাহক আঙ্গিনায় রাইজার রয়ে গেছে। তিতাসের অসাধু কর্মীরা রাতের আঁধারে এসব বিচ্ছিন্ন সংযোগ ফের চালু করে দিচ্ছে। যেগুলো পুরো তিতাস গ্যাসের নেটওয়ার্ককে বড় ধরনের ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এসব কারণে প্রায়ই তিতাসের পাইপলাইনে বিস্ফোরণ ঘটছে। কিন্তু তারপরও গ্যাসলাইন সংস্কারের উদ্যোগ নেই সরকারের। হাত গুটিয়ে বসে আছে তিতাস গ্যাস কোম্পানি।

পেট্রোবাংলার এক শীর্ষ কর্মকর্তা বলেন, প্রতিটি পাইপলাইন স্থাপনের আগে সেগুলোর টেকনিক্যাল লাইফ বিবেচনা করে ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপর্মা) তৈরি করা হয়। ১৯৭০ সালে যখন এই পাইপলাইন স্থাপন করা হয়েছিল তখন টেকিনিক্যাল লাইফ ধরা হয়েছিল ৩০-৩৫ বছর। সে হিসাবে তিতাসের ৬০ শতাংশের বেশি পাইপলাইনের বয়স ৫৫ থেকে ৬০ বছরের অধিক। এসব বিবেচনায় নিয়ে করোনাভাইরাসের আগে তিতাস গ্যাসের পুরো পাইপলাইন সংস্কারের প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। ওই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় ১৪শ কোটি টাকা। কিন্তু ৪ বছর পেরিয়ে গেলেও প্রকল্পটি এখনো আলোর মুখ দেখেনি।

২০১০ সাল থেকে গ্যাস সংযোগ বন্ধ থাকায় বেড়েছে অবৈধ সংযোগের সংখ্যা । সরকারও বাসাবাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগকে নিরুৎসাহিত করছে। এসব কারণে দীর্ঘদিন ধরে বিতরণ নেটওয়ার্কের দিকে নজর কম দিচ্ছে কোম্পানিটি। এতে ঝুঁকি আরও বেড়েছে।

আন্তর্জাতিক নিয়ম অনুসারে গ্যাস পাইপলাইনে এক ধরনের গন্ধযুক্ত রাসায়নিক মেশানো হয়। যাতে কোথাও লিকেজ হলে গন্ধ ছড়িয়ে পড়ে এবং সাবধান হওয়ার সুযোগ থাকে। কিন্তু এ কার্যক্রম এখন বন্ধ থাকায় লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে পড়লেও কেউই তা জানতে পারছে না।

তিতাসের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, ঢাকার গ্যাসলাইন পুরোপুরি পালটানো খুবই দুরূহ ও ঝুঁকিপূর্ণ কাজ। দীর্ঘদিনের এই সিস্টেম একবারে পরিবর্তন করা সম্ভব নয়। তাছাড়া ঢাকা শহরে জালের মতো ছড়িয়ে থাকা গ্যাস পাইপলাইনের পরিপূর্ণ কোনো ম্যাপ নেই। অনেক এলাকায় স্থাপিত লাইনের ওপর রাস্তা কয়েক দফায় উঁচু করা হয়েছে। তাছাড়া রাস্তা সরু হওয়ার কারণে একই পথে অন্যান্য ইউটিলিটি সার্ভিস যুক্ত হয়েছে। এতে গ্যাসলাইনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাসাবাড়ির গ্যাস সংযোগে এক ইঞ্চি পাইপলাইন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকার অনেক গ্যাসের লাইন ছিদ্র হয়ে সেই গ্যাস স্যুয়ারেজ লাইন ও শৌচাগারের পাইপের মাধ্যমে ভবনে গিয়ে জমা হচ্ছে। বদ্ধস্থানে জমে থাকা এসব গ্যাস পরে বিস্ফোরণ কিংবা বৈদ্যুতিক স্পার্কের মাধ্যমে বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

তথ্যসূত্র বলছে, বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে প্রায় ৫০ হাজার সংযোগ আছে যেগুলোর লাইন কেটে দেয়া হলেও গ্রাহকের আঙ্গিনায় রাইজার রয়ে গেছে। এসব সংযোগ ব্যবহার করে বেশকিছু গ্রাহক পরে অবৈধভাবে পুনরায় গ্যাস সংযোগ নিচ্ছেন। এমন অবৈধ সংযোগের কারণে তিতাস গ্যাস একদিকে লোকসানের শিকার হচ্ছে। অপরদিকে এগুলো থেকে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। গত বছরের ২৭ জুন রাজধানীর মগবাজারে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে ১২ জন মারা যান। আহত হন দুই শতাধিক মানুষ। ওই ভবনে থাকা অস্থায়ীভাবে বিচ্ছিন্ন একটি গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন না করায় লাইন লিকেজ হয়ে গ্যাস জমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

মগবাজারের বিস্ফোরণের পর তিতাসের তদন্ত কমিটি জানায়, প্রায় ৮ বছর আগে ওই ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। ফলে বিস্ফোরণটি সিলিন্ডার গ্যাস বা অন্য কোনো কারণে হতে পারে। যদিও একাধিক সংস্থার তদন্তে বলা হয়, তিতাসের বিচ্ছিন্ন গ্যাস সংযোগই এ জন্য দায়ী।

সিআইডির তদন্তেও জানা যায়, ওই বাড়ির অবৈধ গ্যাস সংযোগ শুধু রাইজার থেকে বিচ্ছিন্ন করেছিল তিতাস। কিন্তু লাইনে গ্যাসের সরবরাহ স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। ওই পাইপলাইনে সৃষ্ট ছিদ্র থেকে গ্যাস বের হয়ে মগবাজারের ওই ভবনের একটি কক্ষে জমে। এটি থেকে পরে বিস্ফোরণ ঘটে।