প্রশ্নপত্র ফাঁসরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান দৃঢ়

এ বিষয়ে আমাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে, তারা কাজ করছে। তবে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটলে সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড মো আখতারুজ্জামান।
শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এই কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা সমন্বয়ক ও ডীন অধ্যাপক ড. মো. নিসার হোসেন।
প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে উপাচার্য আরো বলেন, আমরা যারা এই ধরনের অসাধু কাজ করে, প্রশ্নপত্রের বিভিন্ন জালিয়াতির চেষ্টার অপচেষ্টা ও অপপ্রচার চালায় তাদেরকে কিছু লোককে শাস্তির আওতায় এনেছি। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা বরাবরের মতোই স্বচ্ছ হচ্ছে উল্লেখ করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
মত বিনিময়কালে তিনি আরো বলেন, আমরা পরীক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা প্রশ্নের গুণগত মান ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। আপনারা দেখছেন সার্বিক পরিবেশ। আজকে হয়তো চারুকলার শিক্ষার্থী কম বিধায় এতটুকু আছে, তবে আমরা প্রত্যাশা রাখবো সামনের দিনগুলোতে আরো সুন্দর পরিবেশ বজায় থাকে। কোথাও যেন মানুষের জটলা না হয়, অতিরক্তি গাড়ি যেনো না থাকে। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা দিতে পারে সেবিষয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। সেখানে আমাদের প্রক্টরিয়াল টিমও কাজ করবে।
চারুকলার ভর্তি পরীক্ষার্থী দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, এমতাবস্থায় আসন বৃদ্ধির কোনো সম্ভবনা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চারুকলা একটি সৃজনশীল শিক্ষা মাধ্যমে। কতগুলো মানদণ্ডে শিক্ষার্থী ভর্তি করানো হয়। আসন সংখ্যাও সেই নিরীক্ষায় নির্ধারণ করা হয়। কিছু কিছু এতো প্রায়োগিক যে, সেখানে শুধু বক্তৃতা নির্ভর শ্রেণি কার্যক্রমের মাধ্যমে শিক্ষা নিশ্চিত করা কঠিন। সেখানে অনেক বেশি ব্যবহারিক ও প্রায়োগিক বিষয় আছে। তাই বিজ্ঞানের মতো তাদেরও আসন সংখ্যা সাধ্যের মধ্যে রাখতে হয়। আটটি বিভাগ থেকে গুণগত মান নিশ্চিত করে শিক্ষার্থীরা বের হতে পারলে, তারা সমাজের অন্যন্য ক্ষেত্রে অবদান রাখতে পারবে।
উল্লেখ্য, চারুকলা ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হয় এবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। বেলা ১১টায় ঢাকা কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে। এতে ১৩০টি আসনের বিপরীতে লড়েন সাত হাজার ৯৭ জন শিক্ষার্থী।

