গণশত্রুতে পরিণত হয়েছে আওয়ামী লীগ

তিনি বলেন, যে সরকার মানুষের চোখের ভাষা বুঝতে পারে না, যে সরকার দেয়ালের লিখন বুঝতে পারে না। যে সরকার মানুষের প্রয়োজন বুঝতে পারে না তাকে আমরা গণশত্রু ছাড়া কি ভাবতে পারি।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার যুদ্ধে আমাদের যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, একটি গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে সেটাকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে। সেই পুরনো কায়দায় ১৯৭৫ সালে যে বাকশাল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল।
বিএনপির এই নেতা বলেন, আজকে যে যুবক সমাজ তারা কিন্তু মুক্তিযুদ্ধ দেখেনি, তারা এমন কিছু দেখছে আমাদের মুক্তিযুদ্ধের যে স্বপ্ন সবকিছু হরণ করে নেওয়া হচ্ছে। মানুষকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে সংগ্রাম করছে তাদেরকে চরম বিপর্যয়ের মধ্যে অতিক্রম করতে হচ্ছে।
ফখরুল বলেন, আওয়ামী লীগ একটি পুরোনো দল কিন্তু এই দলের যিনি প্রতিষ্ঠাতা তাকেও তারা বাদ দিয়ে দিয়েছেন কারণ তার চিন্তা চেতনার সাথে পরবর্তী আওয়ামী লীগের কোন মিল ছিল না। আজকে যারা আওয়ামী লীগের সাথে জড়িত আছেন তাদের অধিকাংশই ১৯৭১ সালের স্বাধীনতার সাথে যুক্ত ছিলেন না। এখন যারা স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে আমাদের দিকে আঙ্গুল তুলতে চান তাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা কি বলতে পারবেন আপনাদের মধ্যে কারা কারা মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের সাথে যারা লড়াইয়ের সংগ্রাম করছেন কাজ করছেন তাদের অধিকাংশ মুক্তিযুদ্ধের সময় সরাসরি অংশগ্রহ করেছেন।
মির্জা ফখরুল বলেন, এদেশের মানুষ ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে। এদেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে পতন ঘটিয়েছে, এদেশের মানুষ লড়াই করছে সংগ্রাম করেছে এ লড়াইয়ে অবশ্যই গণতন্ত্রের বিজয় হবে। এ লড়াইয়ে অবশ্যই যারা গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করছেন তাদের বিজয় হবে। যারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দানবীয় ফ্যাসিবাদ তারা পরাজিত হবে।
সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। সদস্য সচিব হাবিবুর রহমান বিজুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপি নেতা জয়ন্ত কুমার কুণ্ড প্রমুখ।

