সাজাপ্রাপ্ত ৬ আসামির হাইকোর্টে জামিন

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন- গোলাম রসূল, জহুরুল ইসলাম, তৌফিকুর রহমান সঞ্জু, সাহাবুদ্দিন, আব্দুল রাকিব মোল্লা ও মনিরুল ইসলাম।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মো. মোহসীন ও অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল। অপরদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে।
২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে যশোর-সাতক্ষীরা সড়কে শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় ওইদিনই কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন।
বিচার শেষে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ৪ ফেব্রুয়ারি মামলায় সব আসামিকে সাজা দিয়ে রায় দেন। রায়ে হাবিবুল ইসলামকে কয়েকটি ধারায় ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তারসহ অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

