অতিরিক্ত কাজে আপ্যায়ন ভাতা চায় ইসি

৫ সিটি নির্বাচনসহ আসন্ন জাতীয় ও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন করতে ইসির কর্মকর্তাদের ৯-৫টা অফিস সময়ের বাইরে সন্ধ্যা বা রাত পর্যন্ত কাজ করতে হয়। কোনো কোনো দিন ছুটির দিনেও অফিস করার প্রয়োজন পড়ে।
এ অবস্থায় নির্বাচন কমিশনারসহ কর্মীদের আপ্যায়ন ভাতা জরুরি হয়ে পড়েছে। তা দেয়ার নীতিমালাসহ আরো বেশ কয়েকটি বিষয় নির্ধারণে আজ দুপুরে বৈঠকে বসছে ইসি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য ৪ কমিশনার, ইসি সচিব, ইসির অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবরা এ বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।
৫ সিটি নির্বাচনে কীভাবে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা যায়, মন্ত্রী-এমপিসহ সরকারের উপকারভোগীদের কীভাবে প্রচার থেকে বিরত রাখা যায় এসব নিয়েও বৈঠকে আলোচনা হবে। মূলত দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে শক্ত হাতে ৫ সিটি নির্বাচন সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে করণীয় ও সাংবিধানিক ক্ষমতার কঠোর প্রয়োগ নিয়ে এ বৈঠকে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল বুধবার ইসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বৈঠকের আলোচ্য সূচিতে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে এ বৈঠক ইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। আলোচ্য সূচিতে রয়েছে- ১. পৌরসভা সাধারণ নির্বাচন, ২. ইউনিয়ন পরিষদ নির্বাচন, ৩. স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য শূন্য পদে নির্বাচন, ৪. নির্বাচনকালীন অফিস সময়ের পরে এবং সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের জন্য আপ্যায়ন বাবদ অর্থ প্রদানের নীতিমালা এবং ৫. বিবিধ।
বিবিধ বিষয়ের মধ্যে ৫ সিটির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার বিষয়ে নানাবিধ কৌশল নিয়ে কমিশন বৈঠকে সবার মতামত ও আলোচনা হবে বলে ইসি সূত্রে জানা গেছে। এ সিটি নির্বাচন যেহেতু ইসির কাছে জাতীয় নির্বাচনের আগে অগ্নিপরীক্ষা স্বরূপ, সেজন্য নির্বাচন সুষ্ঠু করতে ইসি কঠোর অবস্থানে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

