বিএনপির লক্ষ্য যেকোনো উপায়ে ক্ষমতা দখল করা: কাদের

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার উন্নয়ন নীতি ও অর্থনৈতিক অগ্রযাত্রার বিপরীতে বিএনপির হাতিয়ার হলো ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য। বিএনপির লক্ষ্য যেকোনো উপায়ে ক্ষমতা দখল করা। আর আওয়ামী লীগের পথচলার শক্তি হলো দেশের জনগণ।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। এ দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে যা যা করা দরকার তা একমাত্র আওয়ামী লীগই করেছে। আর বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করে গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধকে ধ্বংস করেছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আমলে বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নীতির ফলে শহর থেকে গ্রামে প্রতিটি মানুষের জীবনমানে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। মানুষের ভাগ্যোন্নোয়নে নিরলস কাজ করে যাচ্ছে সরকার। শেখ হাসিনার সময়োপযোগী নীতি গ্রহণের ফলে নতুন প্রজন্ম নিজেদের মানবিক স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ পাচ্ছে।

