বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যুক্তরাষ্ট্রের ভিসানীতির পরেও বিএনপির শুভ বুদ্ধির উদয় হয়নি: তথ্যমন্ত্রী

প্রকাশ: ৩১ মে ২০২৩, ৯:২৯ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের ভিসানীতির পরেও বিএনপির শুভ বুদ্ধির উদয় হয়নি: তথ্যমন্ত্রী

নতুন ভিসানীতিতে বলা হয়েছে যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাঁধা দেবে বা নির্বাচন প্রতিহত করবে, তাদের প্রতি এই রেসট্রিকশন আরোপিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এটাও স্পষ্ট করেছে যে তত্বাবধায় সরকারের প্রতি তাদের কোনো সমর্থন নাই। বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক- তারা সেটিই চায়। এরপরেও বিএনপির কোনো শুভ বুদ্ধির উদয় হয় নাই-বিএনপি মহাসচিবের বক্তব্যে সেটিই মনে হচ্ছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে মিন্টো রোডের সরকারি বাসভবনে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এর আগে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল হলে ‘মানস’ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অপরপ্রান্তে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ ও মানস-এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. অরুপ রতন চৌধুরী।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আগের মতোই জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি, নির্বাচন প্রতিহত করা বা বর্জনের রাজনীতি থেকে সরে আসতে পারছে না। তবে তাদেরকে সরে আসতেই হবে। তাদের শুভ বুদ্ধির এখনো উদয় হয়নি। আশা করি ভবিষ্যতে উদয় হবে। তিনি বলেন, সরকারের সবসময় শুভ বুদ্ধি আছে। সরকার সবসময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরা চাই বিএনপিসহ সমস্ত রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করুক। আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। সেই নির্বাচনের মাধ্যমে আগামী দিনের সরকার দেশের জনগন নির্বাচিত করুক-জননেত্রী শেখ হাসিনা সেটিই চায়।

ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমান উল্লা আমানের মামলার রায় বিষয়ে ড. হাছান বলেন, তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল তাদেরই পছন্দের তত্বাবধায়ক সরকার। এই মামলা আওয়ামী লীগ দায়ের করেনি। সেই মামলায় তাদের শাস্তি হয়েছিল। মামলায় তারা হাইকোর্টে গিয়েছিল। হাইকোর্ট সেই রায় বহাল রেখেছে। আদালত স্বাধীনভাবে কাজ করছে। এর প্রমাণ একদিকে টুকু আর আমান সাহেবের শান্তি যেমন বহাল রেখেছে। অন্যদিকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ ও জনগনের ওপর হামলা পরিচালনা করা সত্বেও গয়েশ্বর বাবুসহ আরো অনেকেই আগাম জামিন পেয়েছে।

ড. ইউনুসের বিরুদ্ধে দূর্নীতির মামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ড. ইউনুস সাহেবের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই। দূর্নীতি দমন কমিশন-দুদক তো তথ্যপ্রমাণের ভিত্তিতেই তার বিরুদ্ধে মামলা করেছে। কারণ শ্রমিক কর্মচারীদের যে লভ্যাংশ দেয়ার কথা, সেটি না দিয়ে সেই টাকা শ্রমিক কর্মচারীদের নেতাদের অংশে ট্রান্সফার করা হয়েছে। তাদের সবার নামেই সেই টাকা ট্রান্সফার করার জন্য একটা একাউন্ট খোলার প্রয়োজন ছিল না। বরং শ্রমিক কর্মচারীর নেতাদের একাউন্টে বিভিন্ন অংকের ট্রান্সফার করা হয়েছে ঘুষ হিসেবে। সেই মামলায় ড. ইউনুসের সঙ্গে কর্মচারী নেতারাও আসামি হয়েছেন। এখানে তো দূর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে-দুদক সেটিই বলছে। সেজন্যই মামলা করা হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, ড. ইউনুস সাহেবের প্রতি সম্মান রেখেই বলতে চাই তিনি চট্টগ্রামের মানুষ, আমিও চট্টগ্রামের মানুষ। ইউনুস সাহেব রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছিলেন। উনি বুঝতে পেরেছেন যে যারা যোজন যোজন দূরে থাকেন অর্থাৎ মানুষ থেকে দূরে থাকেন। তাদের পক্ষে রাজনৈতিক দল করা সহজ নয়। রাজনীতি করতে হলে সাধারণ মানুষের কাতারে নামতে হয়। সাধারণ মানুষের সঙ্গে থাকতে হয়। নিজের চেয়েও, নিজের পরিবারের চেয়েও সাধারণ মানুষকে গুরুত্ব বেশি দিতে হয়। সেটি যারা করতে পারে না তাদের পক্ষে রাজনৈতিক দল বা রাজনীতি করা সম্ভবপর নয়। হ্যাঁ, তারা কেউ কেউ মন্ত্রী হতে পারেন। কিন্তু রাজনীতিবিদ হওয়া বা গণমানুষের নেতা হওয়া তাদের পক্ষে কখনো সম্ভব হয় না। তিনি সেটি অনুধাবন করেই রাজনৈতিক দল নিয়ে আর আগাননি।