ইইউ প্রতিনিধি দলের ২ সদস্য ঢাকায়

শনিবার (৮ জুলাই) ইইউয়ের ৬ সদস্যের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের দু’জন সদস্য ঢাকায় পৌঁছেছেন। বাকি চারজন ঢাকাগামী বিমানে রয়েছেন, মধ্যরাতে তাদের বাংলাদেশে পৌঁছানোর কথা। ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধানের দপ্তর বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবার থেকে ইইউ টিমের দুই সপ্তাহব্যাপী ঢাকা মিশন শুরু হবে। মিশনের মূল কাজ হবে নির্বাচন পর্যবেক্ষণের পরিবেশ আছে কিনা? তা খতিয়ে দেখা। অর্থাৎ আগামী নির্বাচনে ইইউ পর্যবেক্ষক টিম পাঠালে তার কর্মপরিধি কি হবে, বাজেট, লজিস্টিক্স ও নিরাপত্তা ইত্যাদি বিষয় নির্বাচন কমিশন কতোটা ফ্যাসিলিটেড করবে তার আগাম মূল্যায়ন করা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বৃহস্পতিবার জানানো হয়, নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইইউয়ের অনুসন্ধানী মিশন বাংলাদেশে আসছে। এখানে অবস্থানকালে টিমটি সরকারের প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ এবং গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।

