সমাবেশের অনুমতি নিতে দুপুরে ডিএমপিতে যাবে বিএনপি

সোমবার (১০ জুলাই) দুপুর দুইটার দিকে রাজধানীর বেইলি রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে যাবে বিএনপির প্রতিনিধি দল।
বিএনপির প্রতিনিধি দলের সদস্য ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এ বিষয়ে বলেন, সমাবেশে অনুমতির জন্য দলের পক্ষে চিঠি দেয়া হয়েছে। আজকে আমাদের দুই সদস্যের প্রতিনিধি দল পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে দুপুর দুইটার দিকে।
বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, ১২ জুলাইয়ের সমাবেশ থেকে সরকারের পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলনের ঘোষণা দেবে বিএনপি। সমাবেশে বড় ধরনের শোডাউন করতে এরইমধ্যে কয়েকবার প্রস্তুতি সভা করেছে দলটি। সভা থেকে ঢাকা জেলা ও আশপাশের জেলার নেতাদের নির্দেশনা দেয়া হয়েছে বড় ধরনের লোক সমাগম করতে। একই নির্দেশনা দেয়া হয়েছে রাজধানীর থানা এবং ওয়ার্ডের নেতাদেরও।
১২ জুলাই বিএনপির সমাবেশের দিন সরকারের পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলনের ঘোষণা দেবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিরোধী দলগুলোও।

