একইদিনে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ২ কণ্ঠযোদ্ধার মৃত্যু

শুক্রবার (১৪ জুলাই) প্রথম প্রহরে নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন-বুলবুল মহলানবীশ। তার বয়স হয়েছিল ৭০ বছর। অন্যদিকে সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক আশফাকুর রহমান খান। তার বয়স হয়েছিল ৮১ বছর।
বুলবুল মহলানবীশের ভাতিজি অভিনেত্রী ও নাট্যনির্দেশক জয়িতা মহলানবীশ গণমাধ্যমকে বলেন, “আমার পিসিমনি আনুমানিক রাত ২টার দিকে মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।”
বুলবুল মহলানবীশের জন্ম ১৯৫৩ সালের ১০ মার্চ। তিনি একাধারে কবি ও লেখক; সংগীত, নাট্য ও আবৃত্তিশিল্পী। টিভি-বেতার-মঞ্চে শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনাও করেছেন।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক আশফাকুর রহমান খান অনেক দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জানান সাংস্কৃতিক সংগঠক মানজার চৌধুরী সুইট।
তিনি বলেন, “উনি আমার চাচা শ্বশুর। শুক্রবার ভোরে বাসায় অসুস্থ হয়ে পড়লে উনাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

