পুলিশ হেফাজতে গয়েশ্বর-আমান, আটক অর্ধশতাধিক

শনিবার (২৯ জুলাই) পুলিশের অনুমতি ছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। সকাল সাড়ে এগারোটায় এই সংঘর্ষ শুরু হলে আহত হন গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় আটক করা বেশ কয়েকজনকে। এছাড়া রাজধানীর উত্তরা, যাত্রাবাড়ী ও গাবতলীর কাছেও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই স্থানগুলো থেকেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
এদিকে, অবস্থান কর্মসূচির প্রস্তুতিকালে রাজধানীর বাড্ডা থেকে গণতন্ত্র মঞ্চের শীর্ষস্থানীয় নেতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চত করেছেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব। তিনি জানান, অবস্থান কর্মসূচির প্রস্তুতিকালে গণতন্ত্র মঞ্চের শীর্ষস্থানীয় নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু এবং নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্যসহ পাঁচজনকে বাড্ডা থেকে আটক করা হয়েছে।

