টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে টেস্টের মহোৎসব

টি-টোয়েন্টির রঙিন ক্রিকেটে মাতোয়ারা হওয়ার বছরেই বসন্ত আসছে টেস্ট ক্রিকেটেও। সাদা পোশাকের ক্রিকেটের জন্যও এটি রমরমা এক বছর। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালে টেস্ট হবে ৬২টি। ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে একবছরে এত টেস্ট ম্যাচ আর হয়নি কখনো। এর আগে সর্বোচ্চ ৫৫টি টেস্ট হয়েছিল ২০০১ সালে।
এবছর টেস্ট সংখ্যা এতো বেশি বেড়ে যাওয়ার মধ্যে বড় একটি কারণ হলো টেস্ট পরিবারের সদস্যসংখ্যা বেড়ে যাওয়া। এর চেয়েও বড় অবদান সম্ভবত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের। এই চ্যাম্পিয়নশিপের দাবি মেটাতে দলগুলোকে নিয়মিতই খেলতে হচ্ছে টেস্ট। তবে এসব তো সংখ্যা দিয়েই বোঝানো যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে এত বেশি টেস্ট ম্যাচ হওয়ার আরেকটা কারণ, বিশ্বকাপটা শেষ হয়ে যাচ্ছে বছরের মাঝপথেই। টেস্ট দলগুলোর কাছে বছরের শেষ ছয় মাস টি-টোয়েন্টি তাই আর বেশি প্রাধান্য পাচ্ছে না।
এ বছরে সর্বোচ্চ ১৬টি টেস্ট খেলবে ইংল্যান্ডই ও ভারত। ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বছর শুরু করেছে ভারত। এ মাসেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।
ভারত বছরটা শেষও করবে আরেকটি পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে। সেই সিরিজটা হবে অস্ট্রেলিয়ায়। পাঁচ ম্যাচের এই দুই সিরিজের মাঝে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষেও দুটি সিরিজ খেলবে ভারত। অন্যদিকে ব্যস্ত বছরে ভারতে সফরের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেবে ইংল্যান্ড। ইংলিশরা এরপর পাকিস্তান ও নিউজিল্যান্ডে সিরিজ খেলে বছর শেষ করবে।
ভারত-ইংল্যান্ডের পর তৃতীয় সর্বোচ্চ ১৪টি টেস্ট খেলবে বাংলাদেশ। বাংলাদেশের জন্যও রেকর্ড হতে যাচ্ছে এটি। এর আগে এক বছরে বাংলাদেশ সর্বোচ্চ ১০টি টেস্ট খেলেছিল ২০২২ সালে। বাংলাদেশ এবার টেস্ট খেলবে ৭টি দেশের বিপক্ষে।
বাংলাদেশ যেহেতু দুই টেস্টের বেশি সিরিজ খেলার সুযোগ পায় না বললেই চলে, সংখ্যাটা তাই সহজেই বের করা যায়। এ বছর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এই সাত সিরিজের তিনটি বাংলাদেশ খেলবে ঘরের মাঠে-মার্চে শ্রীলঙ্কা, এপ্রিলে জিম্বাবুয়ে ও অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

