উপজেলায় নৌকা প্রতীকে নির্বাচন করবে না আ.লীগ

সূচনা বক্তৃতায় শেখ হাসিনা বলেন, দেশের মানুষ এবারের নির্বাচন গ্রহণ করেছে, অথচ কিছু মানুষ ভোট নিয়ে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা করছে। এবারের নির্বাচন নতুন ইতিহাস সৃষ্টি করেছে। দেশে-বিদেশে এবারের জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছে। ভোটের মাধ্যমে জনগণের মতের প্রতিফলন ঘটেছে। কিন্তু কিছু আঁতেল নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা করছে। ভরা মৌসুমে চালের দাম কেন বাড়ছে- এমন প্রশ্ন রেখে এর পেছনের চক্রটিকে খুঁজে বের করার নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, ভোটে জনগণের মতের প্রতিফলন ঘটেছে। কিন্তু কিছু আঁতেল নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশের উন্নয়নে স্থিতিশীল পরিবেশের জন্য এবারের নির্বাচন জরুরি ছিল জানিয়ে তিনি বলেন, ভোট হতে দেবে না, ভোটকেন্দ্রে যেতে দেবে না- এমন হুমকির মধ্যেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
নির্বাচনে অংশ নেয়া প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন করা না করার সিদ্ধান্ত নির্ভর করে রাজনৈতিক দলের ওপর। এ দেশের মানুষ এবারের ভোট গ্রহণ করেছে। হ্যাঁ, এই নির্বাচন অনেকের পছন্দ নাও হতে পারে। কিন্তু মানুষ তো ভোট দিয়েছে। অথচ কিছু আঁতেল ভোট নিয়ে ধূম্রজাল তৈরির চেষ্টা করে যাচ্ছে।
অবৈধ মজুতদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে শেখ হাসিনা বলেন, ভোটের পর হঠাৎ দেখলাম বাজারে চালের দাম বেড়ে গেল। ভরা মৌসুমে কেন চালের দাম বেড়ে গেল, এই চক্রকে খুঁজে বের করা হবে। অস্বাভাবিকভাবে দুরভিসন্ধিমূলক কোনো মজুত পাওয়া গেলে প্রয়োজনে মোবাইল কোর্ট চালিয়ে তাদের জেলে দেয়া হবে। মজুতদারদের রুখতে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, মজুতদারি করে কেউ যেন মানুষের খাবার নিয়ে খবরদারি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। কোথাও কোনো অস্বাভাবিক কিছু দেখলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানাতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে বিএনপি অন্যভাবে কিছু করার চেষ্টা চালাচ্ছে। তবে আমরা সরকারের শুভফল মানুষের কাছে পৌঁছে দিতে চাই।
তিনি বলেন, সবচেয়ে অবাক লাগে- কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে চালের দাম বেড়ে গেল। জিনিসের দাম বেড়ে গেল। করোনা ভাইরাস মহামারি, এর পরে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, এরপর নিষেধাজ্ঞা পাল্টা-নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়ে গেছে। শুধু বাংলাদেশ নয়, উন্নত দেশগুলোও ধাক্কা সামলাতে পারছে না। তাছাড়া চিনি, গম, সার, ভোজ্যতেল, জ্বালানি তেল, গ্যাস, এলএনজি- এগুলো আমাদের বাহিরে থেকে কিনতে হয়। আর এগুলো আমাদের যেটুকু আছে তা চাহিদার থেকে অনেক কম। কাজেই যেগুলো বাইরে থেকে আনতে হয় সেগুলোর উচ্চমূল্য, পরিবহন-পরিচালন ব্যয় বেড়ে গেছে।
শেখ হাসিনা বলেন, সবজি-ফলমূল আমাদের সরবরাহের কোনো অভাব নেই। যে কোনো কৃষিপণ্যের দাম বাড়িয়ে দিলে ভোক্তাদের কষ্ট হয়। কৃষক যদি দাম পায়, তারা খুশি হয়। কৃষক ন্যায্য দাম পাচ্ছে। কিন্তু পরিবহনসহ সব খরচ মিলিয়ে যে দাম হওয়ার কথা, তার চেয়েও বেশি। সেজন্যই দুরভিসন্ধি নিয়ে যদি কেউ মজুত রাখে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নেব। মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন শেষ হওয়ার পর নানা চেষ্টায় ব্যর্থ হয়ে এই কৌশল নেয়া হচ্ছে। নির্বাচন শেষ হওয়ার পর আরো কিছু চেষ্টা করা হয়েছে- গার্মেন্টসের মজুরি বাড়ানো হলো, তারপরেও রাত ১২টার সময় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন! একটা করে ব্যর্থ হয়েছে, এখন অন্যভাবে নামতে চাচ্ছে। সেভাবে করতে দেব না। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। মানুষ আনন্দিত, খুশি। এখন পর্যন্ত আমরা যে উন্নয়ন করেছি এর সুফল যেন জনগণ পায়, সেই চেষ্টাই করছি।

