বাধা মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গণভবনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। মানুষের কল্যাণ করাই তার সরকারের একমাত্র লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী।
টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর গণভবনে আমন্ত্রণ জানান নিজের জন্মস্থান ও নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া উপজেলার আওয়ামী লীগসহ দলের অন্যান্য সহযোগী সংগঠনের নেতা কর্মীদের। তাদের আগমনে মুখরিত হয়ে ওঠে গণভবনের খোলাচত্ত্বর। নিজের নির্বাচনী এলাকার মানুষের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, টুঙ্গিপাড়ার মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করায় প্রধানমন্ত্রী হয়ে দেশ সেবা করার সুযোগ পাচ্ছেন। গত নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্র ও বাধা বিপত্তি ছিলো উল্লেখ করে তিনি বলেন, বিরোধিতা স্বত্বেও ৭৫ পরবর্তী সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ হয়েছে।
বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক নানা সংকট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ আছে। তবে তা মোকাবেলায় সরকার কাজ করছে।
তৃণমূল পর্যায়ে সরকারের যেসব উন্নয়নমূলক কাজ হচ্ছে, তার গুণগতমান ঠিক রেখে বেধে দেয়া সময়ের মধ্যে শেষ করতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

