মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মাঠে ফিরেই মোস্তাফিজ ম্যাজিক, যা বললেন জাদেজা

প্রকাশ: ৯ এপ্রিল ২০২৪, ৩:১৬ অপরাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ২:১৫ অপরাহ্ন
মাঠে ফিরেই মোস্তাফিজ ম্যাজিক, যা বললেন জাদেজা

ভিসা সংক্রান্ত কাজে বাংলাদেশে আসায় এক ম্যাচে মোস্তাফিজুর রহমানকে পায়নি চেন্নাই সুপার কিংস। আইপিএলের সফলতম দলটি তাতেই হাড়েহাড়ে টের পেয়েছে ফিজের অভাব। এরপর মাঠে ফিরেই টাইগার পেসারের ম্যাজিক। 

চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে সোমবার চেন্নাই সুপার কিংসের হয়ে ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন মোস্তাফিজ। ‘ডট’ বল খেলান তিনি দলের হয়ে সর্বোচ্চ ১৬টি। মোস্তাফিজের করা ইনিংসের শেষ ওভারে ব্যাট থেকে আসে স্রেফ ১ রান, শেষ বলে বাই থেকে রান আসে একটি। উইকেট পড়ে এই ওভারে ২টি।

প্রথম ইনিংস শেষে সতীর্থ রবীন্দ্র জাদেজার প্রশংসাও কুড়িয়েছেন ফিজ। মোস্তাফিজ-জাদেজাদের দাপুটে বোলিংয়ে চেন্নাইয়ে খেলতে নেমে সোমবার দিশেহারা ছিল কলকাতা নাইট রাইডার্স। টানা তিন ম্যাচে বিজয়ী দলটি সর্বসাকুল্যে কেবল ১৩৪ রান তুলতে পেরেছে। 

তবে তাদের শুরুটা এমন ছিল না। সুনীল নারিন ও রঘুবংশীরা ঝড় শুরু করতেই আক্রমণে আসেন ফিজ। তার নিয়ন্ত্রিত বোলিংকে কাজে লাগিয়ে এরপর সুবিধা নিয়েছেন জাদেজা। মিতব্যয়ী বোলিংয়ে শিকার করেছেন ৩ উইকেট। তবে ফিজকে কৃতিত্ব দিতে ভুল করেননি ভারতীয় এই স্পিন অলরাউন্ডার। 

মোস্তাফিজ নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমে পেয়েছেন পার্পল ক্যাপ। এখন পর্যন্ত চলতি আইপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ ৯ উইকেট দখলে গেছে ফিজের। পুনরায় এই কীর্তি দখল নেয়ার পর ইনিংসের বিরতিতে টাইগার পেসারকে পার্পল ক্যাপ তুলে দেন জাদেজা।

এসময় তিনি ফিজকে নিয়ে বলেন, ‘এ উইকেটে সে (মোস্তাফিজ) খুবই কার্যকরী। সে খুব ভালো স্লো বল করেছে, আমার মনে করি সে দুর্দান্ত করেছে।’

তবে শিশিরের কারণে পিচ থেকে কলকাতার ব্যাটারদের সুবিধা পাওয়ার কথাও জানান জাদেজা, ‘যখন শিশির জমতে শুরু করে, পিচের আচরণ বদলে যায়। তবে ব্যাটিংয়ের জন্য এটি সুবিধা করে দেয়। কিছুটা স্লো টার্ন ছিল, যদিও সেটাকে র‍্যাঙ্ক টার্নার বলা চলে না। বল ঠিকভাবে ব্যাটে যাচ্ছিল না, তাই স্টাম্প টার্গেট করে বোলিং করতে থাকি। এখন স্বাভাবিকভাবে খেললে আশা করি সহজেই আমরা ম্যাচটি জিতব।’

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা কলকাতাকে ১৩৭ রানে আটকে রাখে চেন্নাই। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত ফিফটিতে তারা ৭ উইকেটে জিতে যায় ১৪ বল হাতে রেখেই। আসরে টানা দুই হারের পর জয়ের স্বাদ পেল পাঁচবারের চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে পাঁচ ম্যাচে তাদের তৃতীয় জয় এটি।