বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কোন পথে এগোবে বিএনপি

প্রকাশ: ১৩ মে ২০২৪, ৩:৫৭ অপরাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
কোন পথে এগোবে বিএনপি

৭ জানুয়ারির নির্বাচনের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে ‘রাজনৈতিক’ ইস্যুতে সমমনাদের ডাকা হয়েছে। রোববার বিকেল ৩টায় গুলশান কার্যালয়ে ১২ দলীয় জোটের সাথে বৈঠকের মধ্য দিয়ে এর সূচনা হয়। ধারাবাহিকভাবে এই বৈঠক চলবে।

১২ দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদা বলেন, বৈঠকে রাজনৈতিক নানা বিষয়ে আলোচনা হবে। ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলন চলছে, সেটা কীভাবে আরো জোরদার করা যায় সেটি নিয়ে নেতারা পরামর্শ দেবেন। এছাড়া একতরফা উপজেলা নির্বাচনসহ সরকারবিরোধী আন্দোলনের ভবিষ্যৎ গতিপথ কী হবে, তা নিয়ে আলোচনা হবে।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বছরের অধিক সময়ব্যাপী রাজপথে আন্দোলন-সংগ্রাম করে বিএনপি ও তাদের মিত্ররা। কিন্তু তাদের আন্দোলন ও বর্জনের মধ্যে গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন হয়। সেই নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

নির্বাচনের আগে আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী শান্তিপূর্ণভাবে ভোট বর্জনের ক্যাম্পেইন চালায় বিএনপি। দলটির দাবি, তাদের আহ্বানে সাড়া দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ঐ নির্বাচন বর্জন করে। এর মধ্য দিয়ে বিএনপির নৈতিক বিজয় এবং ক্ষমতাসীনদের নৈতিক পরাজয় ঘটেছে।

তবে রাজপথের দীর্ঘ আন্দোলন সফল না হওয়ার কারণ অনুসন্ধানে দলীয়ভাবে পর্যালোচনা ও মূল্যায়ন শুরু করে বিএনপি। এমন প্রেক্ষাপটে নির্বাচনের পর ১২ জানুয়ারি থেকে যুগপতের শরিকদের সঙ্গে বিএনপির হাইকমান্ডের ভার্চুয়ালি সিরিজ বৈঠক হয়। যেটাকে বিএনপি ও শরিকদের পক্ষ থেকে ‘সৌজন্য বৈঠক’ বলা হয়েছিল। সেখানে সরকারি নানামুখী চাপ ও প্রলোভন সত্ত্বেও নির্বাচনে না যাওয়া এবং যুগপৎ আন্দোলন অব্যাহত রাখায় মিত্রদের সাধুবাদ জানানো হয়। তবে সৌজন্য বৈঠক হলেও সেখানে আন্দোলনের ত্রুটি-বিচ্যুতি নিয়ে কম-বেশি আলোচনা হয়। ভবিষ্যতের স্বার্থে বিএনপিকে বিগত আন্দোলন ঠিক কী কারণে ব্যর্থ হলো- তার একটা যথাযথ মূল্যায়নের পরামর্শ দেয় গণতন্ত্র মঞ্চ।

নির্বাচনের পর বিএনপি দলীয়ভাবে থেমে থেমে ইস্যুভিত্তিক কিছু কর্মসূচি করলেও যুগপৎভাবে কোনো কর্মসূচি এখনো মাঠে গড়ায়নি। কারণ হিসেবে বলা হয়েছে, বিএনপির কাছে গত তিন-চার মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দলের কারাবন্দি নেতাদের জামিনে মুক্ত করে আনার বিষয়টি। তা ছাড়া দীর্ঘ আন্দোলনের পর ‘ক্লান্ত ও বিপর্যস্ত’ নেতাকর্মীদের বিশ্রাম দেওয়াও ছিল দলটির লক্ষ্য। নির্বাচনের পর থেকে নেতাকর্মীরাও একে একে জামিনে মুক্ত হতে থাকেন। এরপর রমজানে ইফতার মাহফিলের মধ্য দিয়ে সংগঠনের তৃণমূল ও নেতাকর্মীদের চাঙা করার উদ্যোগ নেয় বিএনপি। এ লক্ষ্যে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সারা দেশে পাঁচ শতাধিক ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। ইফতার মাহফিলগুলোতে দলীয় নির্দেশনা অনুযায়ী কারামুক্ত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেয়া হয়। নেতাকর্মীদের চাঙা ও উজ্জীবিত করতে অনেক ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভার্চুয়ালি সংযুক্ত হন।

জানা গেছে, দলের অধিকাংশ নেতা এরই মধ্যে কারামুক্ত হওয়ায় হতাশাকে পেছনে ফেলে নতুন উদ্দীপনা নিয়ে সামনে এগোতে চায় বিএনপি। ঢাকায় গত দুই দিনে দলীয়ভাবে ইস্যুভিত্তিক কর্মসূচি পালন করেছে দলটি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে গত শনিবার নয়াপল্টনে সমাবেশ করেছে মহানগর দক্ষিণ বিএনপি।

এছাড়া খালেদা জিয়া ও যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে গতকাল শনিবার একই স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল।

জানা গেছে, আজ রোববার প্রথম দিনে ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে পৃথকভাবে বৈঠক করবে বিএনপির লিয়াজোঁ কমিটি। এদিন বিকেল ৩টায় ১২ দল এবং বিকেল ৪টায় কর্নেল (অব.) অলি আহমদের দলের সঙ্গে এই বৈঠক হওয়ার কথা।

এছাড়া সোমবার প্রথমে জাতীয়তাবাদী সমমনা জোট এবং পরে লেবার পার্টির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে শরিক সব দল ও জোটের মতামত নিবে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হবে।