‘প্রধানমন্ত্রীর কাজের লোকের এলাহী কান্ড’: সম্পদের পাহাড় গড়েছেন জাহাঙ্গীর

প্রধানমন্ত্রী বলেন, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, যে এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, এটা বাস্তব কথা। তো কী করে বানালো এই টাকা! যখনই আমি জেনেছি তাকে বাদ দিয়ে কার্ড-টার্ড সব সিজ করে আমার ব্যবস্থা আমি নিয়েছি। ধরা পড়লে তো চোখে আসে। তা ছাড়াতো হয় না। যখন ধরা পড়ে তখন ব্যবস্থা নিই।
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় ওই পিয়ন কে, তা স্পষ্ট না হলেও প্রধানমন্ত্রীর কার্যালয় এবং একাধিক সূত্রে জানা গেছে, এই ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর আলম। তার বাড়ি নোয়াখালীর চাটখিলে। উপজেলার নাহারখিল গ্রামের রহমত উল্যা ও অজিফা খাতুন দম্পতির ছেলে মো. জাহাঙ্গীর আলম।
৯০’র দশকে তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি সুধাসদনে আসা দলীয় নেতাকর্মীকে পানি খাওয়ানোর কাজ করতেন জাহাঙ্গীর। সেই জাহাঙ্গীরকে নেতাকর্মীরা তখন ‘পানি জাহাঙ্গীর’ নামে চিনতেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর গণভবনে যাতায়াতের সুযোগ পান জাহাঙ্গীর। এরপরই যেন আলাদীনের চেরাগ হাতে পান তিনি। হয়ে যান কোটিপতি, গড়ে তোলেন সম্পদের পাহাড়।
খোঁজ নিয়ে জানা গেছে, চাটখিলের সেই জাহাঙ্গীর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করলেও পরিচয় দিতেন ব্যক্তিগত সহকারী হিসেবে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে নানা তদবির, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্যসহ নানা অপকর্ম করে বেড়িয়েছেন জাহাঙ্গীর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচয় ব্যবহার করে গাজীপুরের ইপিজেড এলাকার ঝুট ব্যবসাও নিয়ন্ত্রণ করতেন তিনি। নোয়াখালী ও রাজধানী ঢাকায় গড়ে তুলেছেন বিপুল সম্পদ। কামিয়েছেন কোটি কোটি টাকা। সঙ্গে নিয়ে ঘুরতেন লাইসেন্সকৃত পিস্তল ও গ্রানম্যান।
সূত্র জানায়, কোটি কোটি টাকার সম্পদ কামানোর পর রীতিমতো রাজনৈতিক মাঠে নেমে যান পিয়ন জাহাঙ্গীর। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদও বাগিয়ে নেন। একই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার জন্য নমিনেশন তুলেছিলেন। পরে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে পরবর্তীতে তিনি নির্বাচন থেকে সড়ে দাঁড়ান। তার বিরুদ্ধে নোয়াখালী-১ আসনের নৌকার প্রার্থী এইচ এম ইব্রাহীমের বিরোধিতা করে তাকে হারানোর পাঁয়তারার অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে জাহাঙ্গীর আলম বিভিন্ন অনৈতিক কাজ করছেন এমন অভিযোগে গত বছরের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনও সম্পর্ক নেই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতেও বলা হয়।
প্রধানমন্ত্রীর বক্তব্যের পর অনুসন্ধানে জানা গেছে, রাজধানী ঢাকায় একাধিক প্লট-ফ্ল্যাটের মালিক হয়েছেন জাহাঙ্গীর। ধানমন্ডিতে স্ত্রীর নামে আড়াই হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন। ধানমন্ডিতে আলিশান ফ্ল্যাট ছাড়াও রাজধানীর মোহাম্মদপুর ও নিউমার্কেটে দুটি দোকান রয়েছে তার। ঢাকার মিরপুরে একটি সাত তলা ভবন ও দুটি ফ্ল্যাট রয়েছে।
নোয়াখালীর চাটখিল এবং জেলা সদরের হরিনারায়ণপুর ও খলিলপুরে গিয়ে জানা গেছে, জাহাঙ্গীরের বাবা রহমত উল্যাহ ইউনিয়ন পরিষদে কেরানী হিসেবে চাকরি করতেন। সংসারে ছিল টানাপোড়ন। দল ক্ষমতায় আসার পর জাহাঙ্গীর আলমের উত্থান অনেকের কাছে আলাদীনের চেরাগের মতো। চাটখিলে পৈতৃক ভিটায় করেছেন চারতলা বাড়ি। বাড়ির পাশে রয়েছে ৭০০ শতক জমি। উপজেলার খিলপাড়া পূর্ব বাজারে রয়েছে প্রায় কোটি টাকা মূল্যের সম্পদ। জেলা শহরের মাইজদীর হরিনারায়ণপুর রয়েছে আটতলা বিলাসবহুল বাড়ি।
হরিনারায়ণপুরের বাড়ির কেয়ারটেকার জানান, বাড়িটি জাহাঙ্গীর সাহেবের স্ত্রীর নামে। তিনি মাঝে-মধ্যে আসেন। তবে গত কয়েক মাস একেবারেই আসেন না। শুনেছি স্ব-পরিবারে দেশের বাহিরে চলে গেছেন। বর্তমানে বাড়ি এবং তার সম্পত্তিগুলো দেখা-শুনা করেন মুকুল ও আবদুল মতিন নামের দুই ব্যক্তি। তারা বাড়ি ভাড়া ও তাঁর দোকান ভাড়া ও খামারের আয়ের টাকা উত্তোলন করেন।
নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের খলিলপুর গ্রামে ১০ একর জায়গাজুড়ে খামার গড়ে তুলেছেন জাহাঙ্গীর আলম। ওই জমি তিনি কিনেছেন সদর উপজেলার অশ^দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন বাবলুর কাছ থেকে। তাও নাম মাত্র মূল্যে।
অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু বলেন, আমাকে নাম মাত্র মূল্য দিয়ে জমিটি নিয়ে নিয়েছেন জাহাঙ্গীর আলম। বলেছেন, একটি মন্ত্রণালয় থেকে আমার ইউনিয়নের জন্য ৩০ কোটি টাকার একটি প্রকল্প পাস করিয়ে দিবেন, তাই জনগনের স্বার্থে আমি রাজি হয়ে জমিটি দিয়ে দিয়েছি। কিন্তু পরবর্তীতে আর যোগাযোগ করেনি। এদের এত টাকা, তার পরও দল বিক্রি করে, দলের কর্মীদের ঠকিয়ে এরা টাকার পাহাড় গড়েছে। এদের বিচার হওয়া দরকার।
স্থানীয়রা জানান, জাহাঙ্গীর সাহেব খামারে আসেন গাড়িতে চড়ে, সঙ্গে পুলিশ থাকেন। একালার মানুষকে খামারে ঢুকতে দেন না। ভিতরে কি হচ্ছে, কিসের খামার তাও জানি না।
জেলা সদরের সোনাপুর পৌর সুপার মার্কেটে জাহাঙ্গীরের রয়েছে দুটি দোকান। দোকান নং-০৭ ও ০৮। যার নিয়ন্ত্রন করেন তার শ্যালক মিজান। দলীয় নেতাকর্মীদের দাবি, দোকান দুটিও নিয়েছেন ক্ষমতার দাপটে।
জাহাঙ্গীরের নিজ এলাকা চাটখিলের স্থানীয় বাসিন্দারা জানান, জাহাঙ্গীর আলম সংসদ সদস্য হওয়ার জন্য নোয়াখালীতে বিপুল অর্থ খরচ করেছেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিশাল বহর নিয়ে তিনি সভা-সমাবেশ করতেন। এসব সভা-সমাবেশের জন্য লাখ লাখ টাকা খরচ করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিজের এলাকায় দাওয়াত করে নিয়ে আসতেন তিনি। সোনাইমুড়ি উপজেলার গান্ধি আশ্রম ট্রাস্টের অনুষ্ঠানে নিজে এবং অতিথিদের যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করেছেন তিনি। তারা জানান, অঢেল সম্পত্তির মালিক জাহাঙ্গীরের আত্মীয়-স্বজনের সঙ্গে সঙ্গে কেয়ারটেকার ও পিনও কোটি কোটি টাকার মালিক বনে গেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় জাহাঙ্গীর কৃষিখাত থেকে তার প্রতি বছর আয় ৪ লাখ টাকা, বাড়ি ও দোকান ভাড়া থেকে সাড়ে ১১ লাখ টাকা আয়, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে ৯ লাখ টাকা আয়, চাকরি থেকে ৬ লাখ ও অন্যান্য উৎস থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা আয়ের তথ্য জানান। হলফনামার হিসাব অনুযায়ী বছরে প্রায় ৫০ লাখ টাকার আয়ের কথা জানিয়েছেন।
হলফনামার তথ্য অনুযায়ী, জাহাঙ্গীরের নিজের নামে আড়াই কোটি টাকা ও স্ত্রীর নামে ব্যাংকে প্রায় সোয়া এক কোটি টাকা ছিল। ডিপিএস ছিল পৌনে তিন লাখ টাকা, এফিডিআর ছিল সোয়া এক কোটি টাকা। স্ত্রীর নামে কিনেছেন গাড়ি। বিভিন্ন কোম্পানিতে কোটি টাকার শেয়ারও রয়েছে। এছাড়া একটি অংশীদারি প্রতিষ্ঠানে তার ছয় কোটি টাকার বিনিয়োগও রয়েছে।
বিপুল সম্পদের বিষয়ে জানতে একাধিকবার জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মোবাইলে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর বুঝতে পেরেছেন যেকোনও সময় তাকে গ্রেফতার করা হতে পারে, এজন্য তিনি আগেই স্ব-পরিবারে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন।
দুর্নীতির লাগাম টানতে জাহাঙ্গীরের মতো সরকারি দপ্তরের বড় বড় দুর্নীতিবাজ কর্মকর্তা এবং রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা দুর্নীতির বড়পুত্রদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে, এমনটাই প্রত্যাশা নোয়াখালীবাসীর।

