ঢাকা শনিবার, অক্টোবর ৩, ২০২৬

asiareport24.com

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান


এশিয়া রিপোর্ট ডেক্স
১০:০৬ - রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

নিউইয়র্ক সফরের সময় ইউএনজিএর ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো বক্তব্য দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ধারাবাহিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিনের দেওয়া তথ্য অনুযায়ী, নিউইয়র্কে চার দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী মোট ৩০টি সরকারি অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে অনুষ্ঠিত হয় দ্বিপক্ষীয় বৈঠক।

এসব বৈঠকে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া প্রধানমন্ত্রী ইউএনজিএ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি ও অধিবেশনের সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরকালে আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে চারটি অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এগুলোর মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান।

এর আগে ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় নিউইয়র্ক ত্যাগ করেন প্রধানমন্ত্রী। ধারাবাহিক আন্তর্জাতিক কর্মসূচি ও বৈঠক শেষে রোববার সকালে দেশে ফেরেন তিনি।