মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলার অভিযোগে গ্রেপ্তার ৪০, কেউই শ্রমিক নন: ডিআইজি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলার অভিযোগে গ্রেপ্তার ৪০, কেউই শ্রমিক নন: ডিআইজি

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কেউই প্রকৃত শ্রমিক নন বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পকারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন তিনি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এবং আশুলিয়ার নরসিংহপুরে হা-মীম গ্রুপসহ বিভিন্ন শিল্পকারখানা পরিদর্শন করেন।

ডিআইজি মুস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারী তাদের মধ্যে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। আন্দোলনের নামে বহিরাগত কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে প্রকৃত শ্রমিকদের এ বিষয়ে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এদিকে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বোরখা পরিহিত ও হেলমেটধারী একটি গোষ্ঠী শ্রমিকদের উসকানি দিচ্ছে। কারা তাদের অর্থের জোগান দিচ্ছে, সে বিষয়েও পুলিশের কাছে তথ্য রয়েছে।

তিনি আরও বলেন, শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকরা স্বাভাবিক পরিবেশে কাজ করছেন। তবে কেউ নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।