শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

মাত্র ১৫ বছর বয়সেই অধিনায়ক হলেন বৈভব সূর্যবংশী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন আপডেট: ৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
মাত্র ১৫ বছর বয়সেই অধিনায়ক হলেন বৈভব সূর্যবংশী

মাত্র ১৫ বছর বয়সেই বড় এক দায়িত্ব পেলেন ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ভারতের মর্যাদাপূর্ণ ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘সৈয়দ মুশতাক আলী ট্রফি’তে বিহার দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এই তরুণ ক্রিকেটার। পরিস্থিতির প্রয়োজনে নয়, এবার সরাসরি পূর্ণকালীন অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তাঁর কাঁধে।

এর আগে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে সাময়িকভাবে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল বৈভবের। গত দিলীপ ট্রফির ফাইনালে ইশান কিষাণ মাঠের বাইরে চলে যাওয়ার পর অল্প সময়ের জন্য ইস্ট জোনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এ ছাড়া রঞ্জি ট্রফিতে বিহার দলের সহ-অধিনায়কের দায়িত্বও পালন করেছেন এই কিশোর ক্রিকেটার।

তবে শুক্রবার বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচক কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বৈভবকে পূর্ণ অধিনায়কের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

মাত্র ১৫ বছর বয়সে বিহারের মতো একটি দলের নেতৃত্ব পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন ভারতের সাবেক তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। একই সঙ্গে বৈভবকে শুভকামনাও জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়ায় অশ্বিন লেখেন, ‘একজন তরুণ ক্রিকেটারের জন্য এটি সত্যিই অনেক বড় এবং চ্যালেঞ্জিং দায়িত্ব। তার জন্য রইল শুভকামনা।’

এদিকে আসন্ন টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড গঠনের আগে ক্রিকেটারদের নিয়ে বিশেষ ট্রায়ালের আয়োজন করছে বিহার দল। খেলোয়াড়দের বর্তমান ফিটনেসের পাশাপাশি তাঁদের অতীত পারফরম্যান্সও বিবেচনায় নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন বৈভব। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মূল দলে জায়গা পেয়েছিলেন তিনি। যদিও সিরিজে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পান এই তরুণ। এর মধ্যে এক ম্যাচে ৪ রান করার পাশাপাশি অন্য ম্যাচে খেলেন ৪৫ রানের ঝোড়ো ইনিংস।

বিশেষ করে সিরিজের তৃতীয় ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে তাঁর বিধ্বংসী ওপেনিং জুটি ক্রিকেট বিশ্বে আলোচনার জন্ম দেয়। ওই ম্যাচে পাওয়ার প্লেতে ১১৮ রান তুলে রেকর্ড গড়েছিল এই জুটি।

ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স করে আসছেন সূর্যবংশী। এখন পর্যন্ত সব মিলিয়ে ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে সাতটি ম্যাচে বিহারের প্রতিনিধিত্ব করেছেন।

গত আসরের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে নিজের ব্যাটিং সামর্থ্যের বড় প্রমাণ দিয়েছিলেন এই কিশোর। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে মহারাষ্ট্রের বিপক্ষে মাত্র ৬১ বলে অপরাজিত ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।

এবার সেই বৈভবের কাঁধেই বিহার দলের নেতৃত্বের দায়িত্ব। ব্যাট হাতে সাফল্যের পর অধিনায়ক হিসেবেও কতটা সফল হন, সেটিই এখন দেখার অপেক্ষা।