কেন্দুয়ায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নেত্রকোনা জেলা কার্যালয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আঠারোবাড়ী থেকে কেন্দুয়াগামী সড়কের হরিনগর ফেনারগাতি এলাকায় মেসার্স আব্দুস সাত্তার এন্টারপ্রাইজের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি অভিযানিক দল ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি নম্বরবিহীন সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকবেড় গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মো. মনির উদ্দিন (৩৫) এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মিরারচর গ্রামের মো. আখের উদ্দিনের ছেলে মো. শাহ আলম।
অভিযানে আকাশি রঙের পলিথিনে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ১৭টি পোটলায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া পাঁচ লাখ টাকা মূল্যের একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা এবং ২৪ হাজার টাকা মূল্যের আইটেল ও সিম্ফনি ব্র্যান্ডের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা আলামতের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৪ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় নিয়মিত মামলা দায়েরের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে মাদক কারবারিদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

