ভোলায় জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের দাফন সম্পন্ন

এর আগে রাজধানী ঢাকা থেকে বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় ভেদুরিয়া ফেরিঘাট হয়ে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে ছাত্রদল সভাপতি নিহত নুরে আলমের মরদেহ দ্বীপজেলা ভোলায় তার নিজ বাসভবন জেলা সদর পৌরসভার চরনোয়াবাদ নামক স্থানে আনা হয়।
পরে চরনোয়াবাদের আলতাজের রহমান ডিগ্রী কলেজ মাঠে রাত ৯টা ৫০ মিনিটের দিকে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে নুরে আলমের জানাজা অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ১০টার তাকে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।
এদিকে তার জানাজায় বিএনপিসহ ভোলার সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ভোলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এর আগে বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১১টায় ঢাকার নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নুরে আলমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়েছিলেন নুরে আলম। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ভোলা সদর হাসপাতালে, তারপর বরিশালের শেবাচিমে তাকে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে গ্রীনরোডের কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সর্বশেষ বুধবার (৩ আগস্ট) কমফোর্টে লাইফ সাপোর্টে থাকাকালীন তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

