সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সিডরবিধ্বস্ত পটুয়াখালীতে শিশুদের কান্না দেখে কেঁদেছিলেন শাকিরা

অনলাইন ডেস্ক — পটুয়াখালী
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সিডরবিধ্বস্ত পটুয়াখালীতে শিশুদের কান্না দেখে কেঁদেছিলেন শাকিরা

বিশ্বমঞ্চে গান আর গ্ল্যামারে কোটি ভক্তকে মাতিয়ে রাখা কলম্বিয়ান পপতারকা শাকিরা। কিন্তু প্রায় ১৯ বছর আগে বাংলাদেশের উপকূলে এসে এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন তিনি। ঘূর্ণিঝড় সিডরে বিধ্বস্ত জনপদ, স্বজনহারা শিশুদের কান্না আর অসহায় মানুষের দুর্দশা গভীরভাবে নাড়া দিয়েছিল এই বিশ্বখ্যাত শিল্পীকে। বিশেষ করে মা-বাবাকে হারানো এক শিশুর কণ্ঠে শোকের গান শুনে আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল। প্রাণহানি, ঘরবাড়ি ধ্বংস আর সর্বস্ব হারানোর ঘটনায় তখন উপকূলজুড়ে নেমে আসে মানবিক বিপর্যয়। সেই দুর্যোগের ক্ষত দেখতে এবং ক্ষতিগ্রস্ত শিশুদের পাশে দাঁড়াতে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে তিন দিনের সফরে বাংলাদেশে আসেন শাকিরা।

২০০৭ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় পৌঁছেই তিনি ছুটে যান সিডরবিধ্বস্ত দক্ষিণাঞ্চলে। পরিদর্শন করেন পটুয়াখালীর ক্ষতিগ্রস্ত এলাকা। সেখানে দুর্গত পরিবারগুলোর সাথে কথা বলেন, বিশেষ করে শিশুদের সময় দেন। তাদের জীবনের গল্প শোনেন, দুর্যোগে হারানো স্বজন ও স্বপ্নের কথা জানার চেষ্টা করেন।

সফরে ১১ বছর বয়সি নিপা নামের এক শিশুর সাথে দেখা হয় শাকিরার। সিডরে মেয়েটি হারিয়েছিল তার মা-বাবাকে। শাকিরার সামনে নিপা গেয়ে শোনায় একটি শোকের গান। গানটির বাংলা অর্থ ছিল- ‘মা, তুমি যেখানেই থাকো, আমাকে একটি চিঠি লেখো।’ শিশুটির কণ্ঠে স্বজন হারানোর আকুতি স্পর্শ করেছিল বিশ্বখ্যাত এই শিল্পীর হৃদয়। পরে স্মৃতিচারণে শাকিরা জানিয়েছিলেন, মেয়েটির সেই গান তিনি কখনো ভুলতে পারবেন না।

ধ্বংসস্তূপের মধ্যেও শিশুদের স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা শাকিরাকে মুগ্ধ করেছিল। একটি প্রায় বিধ্বস্ত স্কুলে শিশুদের খেলতে, গান গাইতে ও হাসতে দেখেছিলেন তিনি। তাদের কেউ চিকিৎসক, কেউ নার্স হওয়ার স্বপ্নের কথা জানিয়েছিল। এমন পরিস্থিতিতেও শিশুদের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক চিন্তা তাকে আশাবাদী করেছিল।

তবে সিডরের ভয়াবহতা তাকে গভীরভাবে ব্যথিত করেছিল। পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাওয়া, মানুষের সর্বস্ব হারানো এবং সন্তানহারা মায়েদের মুখ তাকে আবেগাপ্লুত করে তোলে। তিনি বলেছিলেন, দুর্যোগে সব হারানো মানুষের সেই দৃশ্য তাকে ভেতর থেকে নাড়া দিয়েছিল। বিশেষ করে সন্তান হারানো মায়েদের মুখ তার স্মৃতিতে থেকে যাবে।

বাংলাদেশ সফরের অংশ হিসেবে রাজশাহীতেও ইউনিসেফের একটি প্রকল্প পরিদর্শন করেন শাকিরা। সেখানে দুর্গম এলাকার শিশুদের জন্য পরিচালিত কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

শিশুদের কল্যাণে কাজ করার অভিজ্ঞতা শাকিরার আগে থেকেই ছিল। মাত্র ১৮ বছর বয়সে তিনি প্রতিষ্ঠা করেন ‘পিয়েস দেসকালসোস’ ফাউন্ডেশন। স্প্যানিশ ভাষায় যার অর্থ ‘খালি পা’। এই ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও কল্যাণে কাজ করে আসছেন তিনি।

বাংলাদেশ সফরটি ছিল অনেকটাই প্রচারবিমুখ। ইউনিসেফের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মানুষের বাস্তব জীবন কাছ থেকে দেখা এবং শিশুদের দুর্দশা উপলব্ধি করাই ছিল তার সফরের অন্যতম উদ্দেশ্য।

সফর শেষে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশের শিশু ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন শাকিরা। তার মতে, সরকার, আন্তর্জাতিক সংস্থা ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগই পারে দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের জীবন বদলে দিতে।

বিশ্বসংগীতের আলোচিত এই তারকার বাংলাদেশ সফরের সেই স্মৃতি আজও মানবিকতার এক বিশেষ অধ্যায়। পটুয়াখালীর সিডরবিধ্বস্ত জনপদে শিশুদের কান্না শুনে আবেগাপ্লুত হওয়া শাকিরার সেই সফর মনে করিয়ে দেয়, সংগীতের বাইরেও মানুষের পাশে দাঁড়ানোর এক ভিন্ন পরিচয় রয়েছে তার।