কুমিল্লায় বিবাহিতদের দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কমিটি গঠনের প্রক্রিয়া

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার অধীন নাঙ্গলকোট উপজেলা কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
গোপন সূত্রে জানা গেছে, এই প্রক্রিয়ায় বিবাহিত, সন্তানের বাবা এবং বয়সসীমা অতিক্রম করা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার তোড়জোড় চলছে।
একই সঙ্গে কমিটিতে পদ পাইয়ে দেওয়ার নামে অর্থ লেনদেনের তথ্যও সামনে এসেছে। সূত্রে জানা গেছে, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের কমিটির জন্য জমা পড়া জীবনবৃত্তান্তের প্রায় ৯০ শতাংশ আবেদনকারী বিবাহিত। তাঁদের অনেকের দুই থেকে তিনটি সন্তান রয়েছে।
কারও কারও বয়স ৩০ থেকে ৩৪ বছরের বেশি বলে সূত্র জানিয়েছে। সূত্র অনুযায়ী, সভাপতি পদপ্রত্যাশী হিসেবে আলোচনায় যাদের নাম উঠে এসেছে তারা হলেন- ওবায়েদুল হক (৩৩), ফয়েজুর কবির ফারভেজ (৩৪), আব্দুল জলিল (৩২) ও আশিকুর রহমান (৩০)। গোপন সূত্রে জানা গেছে, তাঁরা প্রত্যেকেই বিবাহিত এবং সন্তানের বাবা।
উল্লেখ্য, ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫(গ) ধারা অনুযায়ী বিবাহিত কেউ ছাত্রলীগ কমিটিতে আসতে পারবে না বলে সূত্র জানিয়েছে। এছাড়া গঠনতন্ত্রে নির্ধারিত বয়সসীমার বিধানও রয়েছে। সেই বিধান উপেক্ষা করে কমিটি গঠন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে।
এদিকে কমিটিতে পদ পাইয়ে দেওয়ার বিনিময়ে অর্থ লেনদেনের বিষয়টিও আলোচনায় এসেছে। সূত্রে জানা গেছে, অর্থের বিনিময়ে পছন্দের ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উঠে এসেছে।
একই সঙ্গে নাফিছা কামালের নাম উল্লেখ করেও অর্থ লেনদেনের বিষয়ে সূত্রে জানা গেছে। প্রায় তিন বছর পূর্বে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলেও এখন পর্যন্ত উপজেলা কমিটি দিতে পারেনি সংশ্লিষ্টরা, যার দায় এড়াতে পারেন না তারা। দীর্ঘদিন কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমেও স্থবিরতা নেমে এসেছে বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

