সুনামগঞ্জে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদকের মার্কেটে আগুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এর ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ারসার্ভিস আসার আগেই স্থানীয় লোকজনের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাজারে ওই যুবদল নেতার মার্কেটে দুর্বৃত্তরা আগুন দেয়ায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাহবুবুর রহমান। স্থানীয় এলাকাবাসী জানান,রাতে কে বা কারা ফার্নিচার মার্কেটে আগুন লাগিয়ে দেয়। এ সময় আগুন দেখে আশপাশের দোকানদার ও স্থানীয় এলাকাবাসী মিলে দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করতে ফার্নিচার মার্কেটির বেশ কিছু অংশ পুড়ে যায়।
এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী মিয়া জানিয়েছেন, আগুন দুটি দোকানের মধ্যে ফাঁকা জায়গায় লেগেছে, তবে তেমন কোনো ক্ষতি হয় নি।

