সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে যশোর রিজিয়ন বিজিবির সাফল্য, ৮৭ কোটি টাকার বেশি মালামাল জব্দ

সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে যশোর রিজিয়ন বিজিবির সাফল্য, ৮৭ কোটি টাকার বেশি মালামাল জব্দ
বেনাপোল প্রতিনিধি: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক পাচার, চোরাচালান, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিরলসভাবে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের আওতাধীন ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে নিয়মিত অভিযান, টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের অধীন কুষ্টিয়া ও খুলনা—এই দুটি সেক্টরের আওতায় ৭টি ব্যাটালিয়ন ও ১১৬টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। এসব টহলের পাশাপাশি বিশেষ অভিযান, তল্লাশি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্ত অপরাধ দমনে কাজ করছে বিজিবি।
চলতি ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে অদ্যাবধি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন ব্যাটালিয়নগুলোর পরিচালিত বিভিন্ন অভিযানে ১৫৫ জন আসামিসহ মোট ৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৯ দশমিক ৩৪৯ কেজি স্বর্ণ, ৫টি আগ্নেয়াস্ত্র, ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি ও ৬ রাউন্ড গুলি। এছাড়া মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ হাজার ১৯২ বোতল বিদেশি মদ, ২ দশমিক ৪২৮ কেজি হেরোইন, ২০৭ দশমিক ৬১ কেজি গাঁজা, ৭৭ হাজার ৪৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ৫৭৮ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ২২ হাজার ৭৮৬ বোতল ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।
অন্যদিকে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধেও সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে বিজিবি। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলো চিহ্নিত করে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের খুলনা সেক্টরের অধীন খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ ৩০ দশমিক ৭২৬ কিলোমিটার সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সার্বক্ষণিক টহল ও গোয়েন্দা নজরদারি পরিচালনা করছে।
ব্যাটালিয়নটির বিভিন্ন অভিযান ও গোয়েন্দা তৎপরতায় বিগত ছয় মাসে ৩৪ কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৫৩৯ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ৯ কোটি ৯২ লাখ ৪০ হাজার ৮২৩ টাকা মূল্যের অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে ৮৮ জন আসামিকে আটক করতে সক্ষম হয়েছে ২১ বিজিবি।
এছাড়া, দেশের বিভিন্ন স্থানে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায়ও সতর্ক অবস্থানে রয়েছে যশোর রিজিয়নের আওতাধীন ইউনিটগুলো। বিশেষ করে গোপালগঞ্জ জেলায় চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে আসছেন বিজিবি সদস্যরা।
একই সঙ্গে সীমান্তসংক্রান্ত বিরোধ ও অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং পতাকা বৈঠকের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠন এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন তোতা
বেনাপোল প্রতিনিধি
মোবাইল: ০১৯১২৩৪৮৫৮৫

