ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৪ শিক্ষার্থীকে পুলিশে সোপার্দ

ঢাকা কলেজের হলপাড়ায় মধ্যরাতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন উচ্চমাধ্যমিকের সাবেক ও বর্তমান চার শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। আটক শিক্ষার্থীদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছেন তারা।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে চার শিক্ষার্থীকে নিউমার্কেট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটকরা হলেন—ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শিখন, সাবেক ২৬ ব্যাচের উচ্চমাধ্যমিক শিক্ষার্থী আফেল ও মিনার এবং ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম নীরব।
এর আগে রাত ১২টার দিকে কলেজের বিজয়-২৪ ছাত্রাবাসের পেছনে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পর মধ্যরাতে বিজয়-২৪ হলের সামনে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে হল প্রোভোস্টের উপস্থিতিতে সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় বিজয়-২৪ হল থেকে দুজন, দক্ষিণ ছাত্রাবাস থেকে একজন এবং এইচএসসি-২৬ ব্যাচের একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জাতীয় ছাত্রশক্তির ঢাকা কলেজের নেতা সজীব উদ্দীন বলেন, মূলত রাষ্ট্রপতির অনুষ্ঠানে ককটেল নিক্ষেপের উদ্দেশ্যেই তারা এসব পরিকল্পনা করেছিলেন।
তিনি দাবি করেন, দুই দিন আগে ককটেলগুলো আনা হয়। ভূগোল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম নীরব ককটেলগুলো পাঠিয়েছিলেন। অন্যরা সবাই উচ্চমাধ্যমিকের সাবেক ও বর্তমান শিক্ষার্থী। তাদের মধ্যে আফেল ও মিনার ককটেল নিক্ষেপের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। দ্বিতীয় বর্ষের আরও দুই শিক্ষার্থী ককটেলগুলো নিয়ে আসেন বলেও দাবি করেন তিনি।
সজীব উদ্দীন আরও বলেন, আটক চারজনকে থানায় দেওয়া হয়েছে। নাহিদুল ইসলাম নীরব রাজধানীর আজিমপুরে থাকেন এবং ঘটনার সময় ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না। তাকে এ ঘটনার মূল পরিকল্পনাকারী বলে দাবি করেন তিনি।
ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, আটক শিক্ষার্থীদের থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তদন্ত করে ঘটনার মূল রহস্য ও জড়িতদের পরিচয় উদ্ঘাটন করবে। তবে আটক শিক্ষার্থীদের কাছ থেকে কোনো কিছু উদ্ধার করা যায়নি।
তিনি আরও বলেন, আটক শিক্ষার্থীদের মধ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৬ সালে উচ্চমাধ্যমিক পাস করা কয়েকজন রয়েছেন। তাদের মধ্যে শিখন নামে এক শিক্ষার্থী রয়েছেন, যাকে আগে বিজয়-২৪ হল থেকে বহিষ্কার করা হয়েছিল। তার বিরুদ্ধে আগের একটি ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছিল।
উপাধ্যক্ষ জানান, শিখনকে ইতোমধ্যে হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত শেষে অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রাতে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

