শার্শা থানা পুলিশের অভিযানে নেশাজাতীয় সিরাপসহ আটক ২

শার্শা থানা পুলিশের অভিযানে নেশাজাতীয় সিরাপসহ আটক ২
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, শার্শা থানাধীন রুদ্রপুর গ্রামের হানিফ আলীর ছেলে সোলাইমান হোসেন শান্ত (১৯) এবং লাউতাড়া মাঝেরপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে জুলেখা খাতুন (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শার্শা থানাধীন বাগআঁচড়া ইউনিয়নের বাগাডাঙ্গা এলাকার চৌরাস্তা মসজিদের সামনে পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে শার্শা থানা পুলিশ এ তথ্য জানায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তীতে আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

