বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক!

বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) দিনব্যাপী যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
আটক করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৮১টি শাড়ি, ২৪টি কম্বল, ১৯টি চাদর, ৩ কেজি জিরা, ১৮ প্যাকেট ফুচকা, ১৯ কেজি কিসমিস, ৭ প্যাকেট সোনপাপড়ি, ৭৩৭টি চকলেট, ৩৬০টি ওষুধ এবং ১ হাজার ৯৪টি কসমেটিকস সামগ্রী।
বিজিবি সূত্রে জানা যায়, আটক করা এসব মালামালের সর্বমোট বাজারমূল্য ১৫ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা (পনেরো লাখ আটাশি হাজার সাতশত টাকা)।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটক করার লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে বিজিবি।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

