নিজেকে রাসূল দাবী করা ইসহাকের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

নিজেকে রাসূল দাবী করা ইসহাক আলীর (৫৪) ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে বাহাগিলী শুকান ডাংগার হাট হতে বিক্ষোভ মিছিলটি নিয়ে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে।
এর আগে বৃহস্পতিবার নিজেকে ‘রাসূল’ দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে তাকে পুলিশ গ্রেপ্তার করে সাইবার সুরক্ষা আইনে শুক্রবার জেলা কারাগারে পাঠায়। গ্রেপ্তার ইসহাক আলী উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী কাচারীপাড়া এলাকার মৃত শমসের মামুদের ছেলে।
এ ঘটনায় শনিবার দুপুরে বাহাগিলী শুকান ডাংগার হাটে মানববন্ধন শেষে দীর্ঘ ১০ কিলোমিটার রাস্তায় বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে তারা স্থানীয় প্রেস ক্লাবের সামনে ভন্ড পীর ইসহাকের ফাঁসির দাবীতে মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম দেলোয়ার হোসেন দুলাল, মোস্তাফিজুর রহমান, আব্দুল কাফি, সুমন ইসলাম ও নুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, নিজেকে ‘রাসূল’ দাবি করে এবং পবিত্র কালিমা বিকৃত করতে দেখা যায়। এ ছাড়া তিনি নিজের শারীরিক লজ্জাস্থানকে আরবি হরফ ‘আলিফ’ ও মেয়েদের লজ্জাস্থানকে কাবা শরিফ বলে দাবি করেন। একই সঙ্গে ‘লা ইলাহা ইল্লাল্লাহ ইসাহাক আলী রাসূলুল্লাহ’ বলেও প্রচার করেন। সেই ভন্ড পীর ইসহাকের ফাঁসির দাবী জানাচ্ছি।
কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত)আব্দুল কুদ্দুস বলেন, সাইবার সুরক্ষা আইনে মামলায় অভিযুক্ত ইসহাককে গ্ৰেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

