শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকের বিবেক: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ৮:০৫ অপরাহ্ন আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকের বিবেক: আইনমন্ত্রী

বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে বিচারকদের দৃঢ় ব্যক্তিত্ব, নৈতিক সাহস ও বিবেকবোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সিভিল জজ ও সমপর্যায়ের বিচারকদের ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, কাগজে-কলমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করলেই প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা হয় না। বিচারকরা যদি নিজেদের বিবেক ও ন্যায়বোধ দিয়ে পরিচালিত না হন, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা অর্থবহ হবে না।

বিচারকদের উদ্দেশে তিনি বলেন, বিচারিক দায়িত্ব পালনের সময় সব ধরনের চাপ, প্রভাব ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। একজন বিচারকের সবচেয়ে বড় দায়বদ্ধতা তাঁর নিজের বিবেকের কাছে। এ ক্ষেত্রে আর্থিক সততার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সততা ও স্বাধীন বিচারিক চিন্তার চর্চাও জরুরি।

বিচারকদের পেশাগত মর্যাদা ও দায়িত্বের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, একজন বিচারক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করেন। তাই অন্য পেশার কর্মকর্তাদের সুযোগ-সুবিধার সঙ্গে নিজের অবস্থানের তুলনা না করে বিচারিক দায়িত্বের মর্যাদা ও গুরুত্ব উপলব্ধি করতে হবে।

বিচারকদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, বিচারিক সিদ্ধান্তের কারণে কোনো বিচারকের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা কিংবা আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা গ্রহণযোগ্য নয়। বিচারকদের পেশাগত মর্যাদা ও আদালতের শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা, সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা হক, আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান।