বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার কালিবালা এলাকার তোজাম্মেল হকের ছেলে হাবিব (২৫) এবং কর্নপুর এলাকার রুস্তম আলীর ছেলে রকিবুল হাসান রকি (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা। তিনি জানান, হাবিব ও রকি মোটরসাইকেলযোগে মহাস্থানগড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাটিডালী বিমান মোড় এলাকায় রংপুর থেকে ঢাকাগামী একটি কলাবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এ সময় দুজন গুরুতর আহত হয়।
পরে হাবিবকে উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রকিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় চালক ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

