নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান। স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠে ও দোকান খুলতে এসে তারা স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান।
স্থানীয় চা দোকানি খোকন বলেন, প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে দোকান খুলতে আসি। তখন দেখি, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। এতে স্মৃতিস্তম্ভটি পুড়ে কালো হয়ে গেছে। তবে কারা এ কাজ করেছে, তা আমি দেখিনি।
এ বিষয়ে নাটোর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সামাদ শিশির বলেন, আমি এ বিষয়ে অবগত ছিলাম না। বিষয়টি জানতে পেরেছি। কী ঘটনা ঘটেছে এবং কারা জড়িত, তা বিস্তারিত জেনে পরে জানাতে পারব।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, রাতে পুলিশের টহল চলছিল। আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় যারা জড়িত তাদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।

