শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ২:৩১ অপরাহ্ন
ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী-পুরুষ। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। শুক্রবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের যশোর ভিত্তিক বেসরকারি এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ব্যক্তিরা হলেন, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার সানকিভাঙ্গা গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার এবং চাঁদপুর জেলার কচুয়া থানার বড়দল গ্রামের কাশেম আশীর মেয়ে ইসারন বেগম। পুলিশ জানায়, ভালো কাজের আশায় তারা পৃথকভাবে দালালের মাধ্যমে ভারতে যান। সেখানে ঝাড়খণ্ড রাজ্যে বাসাবাড়ি ও ইটভাটায় কাজ করার সময় অনুপ্রবেশের অভিযোগে ঝাড়খণ্ড পুলিশ আটক করে আদালতে পাঠায়।

পরে আদালত তাদের তিন বছরের কারাদণ্ড দেন। সাজা ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, তিন বছর কারাভোগ শেষে ভারত থেকে ফেরত আসা দুই বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম জানান, বেনাপোল পোর্ট থানা থেকে তাদের গ্রহণ করে রাতেই সংস্থার নিজস্ব শেল্টারহোমে রাখা হবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।